রাজ্যের দুই জেলাতে ঢুকে গেছে করোনার ডেল্টা প্লাস, পুজোর আগে চিন্তা বাড়ল
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের ডেল্টা-প্লাস (Delta Plus) কি তবে বাংলাতেও ছড়াতে শুরু করল?
উদ্বেগের খবর হল, পশ্চিমবঙ্গের দুই জেলাতে করোনার ডেল্টা-প্লাস ভ্যারিয়ান্ট খুঁজে পাওয়া গেছে। সূত্রের খবর, আক্রান্ত হয়েছে দু'জন, একজন হাওড়ার বাসিন্দা, অন্য
শেষ আপডেট: 3 September 2021 15:07
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের ডেল্টা-প্লাস (Delta Plus) কি তবে বাংলাতেও ছড়াতে শুরু করল?
উদ্বেগের খবর হল, পশ্চিমবঙ্গের দুই জেলাতে করোনার ডেল্টা-প্লাস ভ্যারিয়ান্ট খুঁজে পাওয়া গেছে। সূত্রের খবর, আক্রান্ত হয়েছে দু'জন, একজন হাওড়ার বাসিন্দা, অন্যজন হুগলির। সূত্রের খবর, এই দু'জনের নমুনায় ডেল্টা-প্লাস প্রজাতি শণাক্ত করা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গত মাসে রিপোর্ট দিয়েছিল, দেশের ১১টি রাজ্যে ডেল্টা-প্লাস খুঁজে পাওয়া গেছে। অগস্ট মাসে খবর মিলেছিল, ডেল্টা-প্লাসের একটি উপপ্রজাতি বা সাব-লিনিয়েজ AY.3 খুঁজে পাওয়া গেছে বাংলায়। তবে কতজনের শরীরে এই উপপ্রজাতি ঢুকেছিল তার সঠিক তথ্য মেলেনি। এতদিন পরে ফের জানা গেল, ডেল্টা-প্লাস ছড়িয়েছে দুই জেলায়। আক্রান্তদের থেকে আর কতজনের শরীরে ওই ভ্যারিয়ান্ট ঢুকেছে সেটাই এখন ভাবনার বিষয়। সামনেই পুজো আসছে, কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। তার মধ্যেই ডেল্টা প্রজাতির ভ্যারিয়ান্টরা বাংলায় ঢুকে পড়লে চিন্তা আরও কয়েকগুণ বাড়বে।
ডেল্টা-প্লাস কতটা সংক্রামক?
ডেল্টা ভ্যারিয়ান্ট হল ভারতীয় প্রজাতি তথা ডবল ভ্যারিয়ান্টেরই একটি পরিবর্তিত রূপ। বা বলা ভাল ডবল ভ্যারিয়ান্টের উপ প্রজাতি। সার্স-কভ-২ হল আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) ভাইরাস। এর শরীর যে প্রোটিন দিয়ে তৈরি তার মধ্যেই নিরন্তর বদল হচ্ছে। এই প্রোটিন আবার অ্যামাইনো অ্যাসিড দিয়ে সাজানো। ভাইরাস এই অ্যামাইনো অ্যাসিডগুলোর কোড ইচ্ছামতো বদলে দিচ্ছে। কখনও একেবারে ডিলিট করে দিচ্ছে। এইভাবে বদলের একটা চেইন তৈরি হয়েছে। আর এই এই রূপ বদলের কারণেই নতুন নতুন প্রজাতির দেখা মিলতে শুরু করেছে।
ডেল্টা প্লাস ((AY.1)) হল এই ডেল্টা ভ্যারিয়ান্টেরই আরও একটি শাখা। ডেল্টা প্লাসে K417N মিউটেশন হচ্ছে, অর্থাৎ k অ্যামাইনো অ্যাসিড তার ৪১৭ নম্বর জায়গায় বদলে গিয়ে N অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হচ্ছে। এমন ১২ বার বদল হয়েছে, তাই এই প্রজাতিও সুপার-স্প্রেডার হয়ে উঠেছে। তবে ভয়ের কারণ কতটা সে নিয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। গবেষকরা বলছেন, আলফা প্রজাতি অতটা ছোঁয়াচে নয়, ডেল্টা প্রজাতি ৬০ গুণ বেশি সংক্রামক। এই ডেল্টা প্রজাতিই এখন ফের বদলে গিয়ে ডেল্টা প্লাস তৈরি করেছে। তবে এই প্রজাতি নিয়ে এতটা চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন গবেষকরা। তাঁদের দাবি, কোভিড ভ্যাকসিনে এই ডেল্টা প্লাসকে কাবু করা সম্ভব।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'