দ্য ওয়াল ব্যুরো: রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুরের শিয়ালডাঙায়। অন্তত দু’দিন ধরে মৃত চিকিৎসক বাবার শব আগলে বসে ছিলেন তাঁর মেয়ে। পচা গন্ধ পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
মৃত চিকিৎসকের নাম অমল মান্না, বয়স আটষট্টি বছর। নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অন্তত দুদিন ধরে বাবার মৃতদেহ আগলে রেখে ছিলেন তাঁর মেয়ে। তিনি মানসিক অবসাদগ্রস্ত বলে এলাকা সূত্রে জানা গেছে। তবে কী ভাবে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকার লোকের মনে কৌতূহল তৈরি হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। দেখা হবে তাঁর শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ ছিল কিনা।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন চোখের চিকিৎসক অমল মান্না। বেশ কয়েক দিন তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি। খাবারও কিনতে বেরোতে পারেননি অসুস্থতার কারণে। বৃহস্পতিবার দুর্গন্ধ পেয়ে তাঁরা খবর দেন পুলিশে।
সন্ধ্যা পর্যন্ত মৃত চিকিৎসকের মেয়ে বাড়িতেই ছিলেন। কী কারণে চিকিৎসকের মৃত্যু হয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে না পেরে তাঁর মেয়েকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করবে পুলিশ।