
শেষ আপডেট: 13 July 2020 06:19
তের কাজকর্ম করার মধ্যেই সমবায় আন্দোলনে যুক্ত হন রহস্যজনকভাবে মৃত বিধায়ক। বিশেষত কৃষক সমবায় আন্দোলন গড়ে তোলার কাজে সিপিএম তাঁকে ব্যবহার করেছিল সেই সময়ে। এরপর পঞ্চায়েতের দায়িত্ব ছেড়ে দিয়ে রায়গঞ্জ ব্লকের মোহিনীগঞ্জ কৃষি সমবায়ের ম্যানেজারের দায়িত্বে যান তিনি। সেই সময়ে তাঁর স্ত্রীকে বিন্দোল পঞ্চায়েতের প্রধান করে সিপিএম।
গ্রামীণ বাম আন্দোলনের মূল দুটি স্তম্ভই পঞ্চায়েত এবং কৃষি সমবায়। স্বাভাবিক ভাবে দুটি জায়গাতেই দেবেন্দ্রনাথবাবু ছাপ রেখেছিলেন দীর্ঘদিন যাবৎ। এলাকায় জনপ্রিয়ও ছিলেন। ১৬-র ভোটে তাঁকে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে টিকিট দেয় সিপিএম। প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলায় জিততে অসুবিধা হয়নি দেবেন্দ্রনাথবাবুর। কিন্তু গত বছর অনেকের সঙ্গেই বিজেপি সদর দফতরে চলে যান তিনি। যোগ দেন গেরুয়া শিবিরে।
সিপিএম সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত ও সমবায় নিয়ে থাকলেও তাঁকে কখনওই দলীয় কমিটির উঁচু জায়গায় স্থান দেওয়া হয়নি। এমনকি দলের লোকাল কমিটি বা জোনাল কমিটিরও সদস্য ছিলেন না তিনি। সাধারণ পার্টি সদস্য হিসেবেই কাজ করতেন। তবে ২০১৬ সালে বিধায়ক হওয়ার পর, ২০১৮ সালের জানুয়ারি মাসের জেলা সম্মেলন থেকে তাঁকে জেলা কমিটির সদস্য করা হয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে বহিষ্কার করে সিপিএম।
চিরকালই কম কথার মানুষ ছিলেন দেবেন্দ্রনাথবাবু। বিধানসভার অধিবেশন কক্ষেও তাঁকে বিশেষ সরব হতে দেখা যায়নি। দক্ষিণবঙ্গের এক সিপিএম বিধায়ক তাঁর মৃত্যুর খবর পেয়ে বলেন, "উনি চিরকালই কম কথা বলতেন। বিজেপিতে যোগ দেওয়ার সপ্তাহখানেক আগে ওঁর সঙ্গে আমার দেখা হয়েছিল লেনিন সরণির তালতলার জিডি হাসপাতালে। উনি আমায় দেখে হাসলেনও। কিন্তু ওঁর কিছু টাকা পয়সা কম পড়েছিল। সেটা আমায় বলেননি। চিকিৎসা না করিয়েই ফিরে গিয়েছিলেন। পরের দিন বিধানসভায় গিয়ে আমি জানতে পারি হাজার পাঁচেক টাকা কম পড়ায় উনি ওইদিন চিকিৎসা না করিয়েই ফিরে এসেছিলেন।"
বহিঃষ্কার করলেও দীর্ঘদিনের কর্মী তথা সমবায় আন্দোলনের নেতার মৃত্যুতে শোক জানিয়েছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অপূর্ব পাল বলেন, "যে ভাবে দেহ উদ্ধার হয়েছে তা যথেষ্ট সন্দেহজনক। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।"