দ্য ওয়াল ব্যুরো: বসন্তকালেও বরফে ঢেকে গেল দার্জিলিং থেকে মাত্র ১২ কিলোমিটার দূরের টাইগার হিল। বুধবার সকাল ছ’টা নাগাদ এই এলাকায় বরফ পড়তে শুরু করে। প্রায় তিন ইঞ্চি পুরু বরফে ঢেকে যায় টাইগার হিল। এই এলাকায় বৃষ্টিপাতও হয়েছে বুধবার। টাইগার হিলে বরফ পড়ায় এদিন দার্জিলিংয়ের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যায়।
দার্জিলিং জেলায় এর আগে ২৩ ফেব্রুয়ারি বরফ পড়েছিল তবে সেটি সান্দাকফুতে। প্রায় পাঁচ ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছিল এলাকা। এবছর দার্জিলিং শহরে বরফ পড়েনি।
https://www.youtube.com/watch?v=1LHXJLSCW7E
গত বছর তুষারপাতের সাক্ষী হয়েছিল দার্জিলিং শহর। ২০১৯ সালের ২৯ জানুয়ারি টানা চার ঘণ্টা ধরে বরফ পড়ে দার্জিলিং শহরে। বরফ পড়ায় আশপাশের পর্যটনকেন্দ্র থেকে পর্যটকরা চটজলদি হাজির হয়ে গিয়েছিলেন দার্জিলিংয়ে। অনেকেই তখন জানিয়েছিলেন যে, আগে কখনও তাঁরা দার্জিলিংয়ে বরফ পড়তে দেখেননি।
এদিন টাইগার হিলে বরফ পড়ার পরে অনেকেই সেদিকে গাড়ি হাঁকান। বৃষ্টি হয়ে যাওয়ায় বরফ অবশ্য অনেকটাই ধুয়ে গিয়েছিল।
টাইগার হিল ছাড়াও এদিন বরফ পড়েছে ধোত্রে, সান্দাকফু, ফালুট, রিমবিক ও গারিবাসে। বরফ পড়ায় দার্জিলিংয়ের তাপমাত্রা কমে ৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়।