
শেষ আপডেট: 16 January 2021 05:47
কলকাতার চেতলার বরো অফিসে চলছে টিকাকরণ[/caption]
রাজ্যে টিকা দেওয়ার মোট ৪০৮৯টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সেগুলির মধ্যে ২০৪টিতে আপাতত টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর, বেলেঘাটা আইডি, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, বিসি রায় শিশু হাসপাতাল এবং ৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে শহরের প্রতিষেধক কেন্দ্র হিসেবে বাছা হয়েছে। প্রয়োজনে টিকাকরণ শিবিরের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। তাছাড়াও কয়েকটি বেসরকারি হাসপাতাল যেমন, রবীন্দ্রনাথ টেগোর, অ্যাপোলো, ঢাকুরিয়া আমরি ও টাটা মেডিক্যাল সেন্টারে টিকাকরণ হতে পারে এদিন।
টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রায় ৪৪ হাজার স্বাস্থ্যকর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম দিনে ৩৫-৩৬ হাজার জনকে টিকা দেওয়া হতে পারে।
টিকার ড্রাই-রান যেভাবে হয়েছিল রাজ্যের জেলায় জেলায় আজও ঠিক সেভাবেই টিকার ডোজ দেওয়া হবে। প্রথমে কো-উইন অ্যাপে নাম রেজিস্টার করতে হবে স্বাস্থ্যকর্মীদের। প্রয়োজনীয় পরিচয়পত্র দেওয়ার পরেই ডিজিটাল রেকর্ডে নাম উঠবে। আধারের সঙ্গে মোবাইল নম্বরের যোগ থাকা জরুরি। নাম নথিভুক্ত হওয়ার পরেই ওই মোবাইল নম্বরে এসএমএস আসবে। ইউনিক হেলথ আইডেনটিটি তৈরি হবে। এর পরে টিকার ইঞ্জেকশন দেওয়া হলে ‘অবজারভেশন রুম’এ প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে দেখা হবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা। শারীরিক কোনও রকম অশ্বস্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিকাকরণ শিবিরগুলিতে অ্যাড্রিনালিন ইঞ্জেকশনও রাখা হয়েছে।
টিকা সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে কো-উইন অ্যাপের ভ্যাকসিন মডিউলে। তাছাড়া ১০৭৫ হেল্পলাইন নম্বরও চালু হয়েছে। এখানে ফোন করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানা যাবে।