দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে আজ সোমবার চালু হয়ে গেল কোভিড হাসপাতাল লেভেল ২। এখন থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আর কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর দরকার হবে না। এই ইউনিট চালু হয়ে যাওয়ার ফলে মেদিনীপুরেই চিকিত্সা করা করা হবে করোনা আক্রান্তদের। একথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা।
ইতিমধ্যেই আয়ুষ হাসপাতালকে কোভিড হাসপাতাল লেভেল ১ করা হয়েছে। এবার লেভেল ২ হাসপাতালও চালু হয়ে গেল জেলায়।
মেদিনীপুর শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কের মোহনপুরে সোমবার চালু করা হয়েছে কোভিড হাসপাতাল লেভেল ২। মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্ক্রিনিং ও কনফার্মেটারি টেস্টের পরে যদি দেখা যায় যে কোনও ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তখন তাঁকে লেভেল ২-তে ভর্তি করা হবে এবং এখানেই চলবে আক্রান্তের চিকিত্সা।
লেভেল ২ হাসপাতালে ৫০টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে রয়েছে ভেন্টিলেশন, সিসিইউ এবং ডায়ালিসিসের ব্যবস্থা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে এখানে পাঠানো হবে বিশেষজ্ঞ চিকিত্সকদের। এই হাসপাতাল সামলানোর জন্য পাঠানো হচ্ছে নার্স ও পর্যাপ্ত সংখ্যায় স্বাস্থ্যকর্মীকে। তা ছাড়া এই হাসপাতালে আগে থেকেই যে সব কর্মী ছিলেন তাঁরাও থাকছেন।
আজ সোমবার সরেজমিনে হাসপাতালের পরিকাঠামো দেখে এসেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে।
নিজামপুর গ্রাম থেকে তিন জন করোনা আক্রান্তকে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ওই গ্রামটিকে কার্যত সিল করে রাখা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, দাসপুরের যে যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গেছে তাঁর মায়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও তাঁকে পর্বেক্ষণে রাখা হয়েছে। এখনও তিনি কোয়ারান্টাইনেই রয়েছেন।