শেষ আপডেট: 10 April 2020 05:11

এই সপ্তাহের গোড়ার দিকেই সাংবাদিক বৈঠকে বাংলায় সংক্রমণের গতিপ্রকৃতি নিয়ে ব্যাখ্যা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বোঝাতে চেয়েছিলেন, বাংলায় জনঘনত্ব অনেক বেশি। সেই অনুপাতে রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কিন্তু এখনও তেমন ছড়ায়নি। একই পরিবারের মধ্যে একাধিক জনের আক্রান্ত হওয়া তারই পরিচায়ক।
যেমন কালিম্পংয়ে করোনাভাইরাসের সংক্রমণে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর থেকে তাঁর পরিবারের ১১ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর এ কথার অর্থ পরিষ্কার। অর্থাৎ সামাজিক ভাবে রাজ্যে সংক্রমণ এখনও ছড়ায়নি। তা ছড়িয়ে ক্লোজড গ্রুপের মধ্যে তথা একই পরিবারের মধ্যে।
তবে বারবারই প্রশ্ন উঠেছে, কেন্দ্রের পরিসংখ্যানের সঙ্গে রাজ্যের পরিসংখ্যানের দৃশ্যত ফারাক কেন হচ্ছে। দিন কয়েক আগে সর্বভারতীয় বিজেপি এবং রাজ্য বিজেপি নেতৃত্ব দলীয় তরফে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে তথ্য গোপন করা হচ্ছে। এ ব্যাপারে টুইটারে ধারাবাহিক কিছু পোস্টও করেছিলেন সর্বভারতীয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এই অভিযোগ মানতে রাজি নয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, “আমরা তো কেন্দ্রের তথ্য নিয়ে চ্যালেঞ্জ করিনি। আমরা যদি ওদের তথ্য বদলে দিই! এটা চ্যালেঞ্জের সময় নয়।”