তৃণমূলের সঙ্গে জোট! মৌসমের বিরুদ্ধে ‘বেনজির’ চিঠি গৌরব গগৈকে
দ্য ওয়াল ব্যুরো: ‘তৃণমূলের সঙ্গে জোট করাকে কি কংগ্রেস হাইকম্যান্ড অনুমোদন করেছে?’
‘আমাদের অবস্থান কী? তৃণমূলের বিরুদ্ধে লড়ব না সঙ্গে থাকব?’
এমনই চোখা চোখা প্রশ্ন করে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব গৌরব গগৈকে চিঠ
শেষ আপডেট: 30 August 2018 10:44
দ্য ওয়াল ব্যুরো: ‘তৃণমূলের সঙ্গে জোট করাকে কি কংগ্রেস হাইকম্যান্ড অনুমোদন করেছে?’
‘আমাদের অবস্থান কী? তৃণমূলের বিরুদ্ধে লড়ব না সঙ্গে থাকব?’
এমনই চোখা চোখা প্রশ্ন করে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব গৌরব গগৈকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য অনুপম ঘোষ। পর্যবেক্ষকদের মতে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথাতেই হাইকম্যান্ডকে এই চিঠি লিখেছেন অনুপম বাবু।
বুধবার মালদহের ইংলিশবাজার এবং কোতোয়ালিতে যৌথভাবে পঞ্চায়েত বোর্ড গঠন করে তৃণমূল এবং কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ মৌসম বেনজির নূর। সঙ্গে ছিলেন তাঁর মামা তথা কংগ্রেসের মালদহ দক্ষিণ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এই খবর প্রকাশ্যে চলে আসে বুধবারই। বিশেষ করে তৃণমূল কর্মীরা বোর্ড গঠনের ছবি বেশি বেশি করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই মৌসমদের বিরুদ্ধে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের এই নেতা।
মামা-ভাগ্নী দু’জনের নাম করেই চিঠি লেখেন অনুপমবাবু। গগৈ-এর কাছে জানতে চান এটা কি দলীয় অবস্থান? গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দ্বারা বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন এবং মনোনয়ন পর্বে মৌসম এবং তাঁর মামাও আক্রান্ত হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন অধীর ঘনিষ্ঠ এই নেতা। সেই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত অসমের এই কংগ্রেস নেতাকে তাঁর দ্বন্দ্ব কাটানোর অনুরোধ করেন।
যদিও মৌসম শিবিরের বক্তব্য, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ঠেকাতেই পঞ্চায়েত গঠনে তৃণমূলের সঙ্গে জোট করেছে কংগ্রেস।
প্রসঙ্গত একুশে জুলাইয়ের আগে গুঞ্জন শুরু হয়েছিল গনিখান চৌধুরীর ভাই-ভাগ্নি শাসক শিবিরে যোগ দেবেন। মৌসম সেই জল্পনা উড়িয়ে দিলেও একুশে জুলাইয়ের ক’দিন আগেই তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান ডালুবাবু। তখন তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘উনিশের ভোট আসছে। তাই জোটের বিষয়ে কথা বলতে এসেছিলাম।’ তাঁর খাসতালুকে ভোট পরবর্তী জোট করে দেখালেন সাংসদ ভাগ্নিকে সঙ্গে নিয়ে। সূত্রের মতে লোকসভা ভোটের আগে তৃণমূলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন মামা-ভাগ্নি। কিন্তু এখন গেলে আবার উপনির্বাচনের মুখে পড়তে হবে। তাই।