দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার আক্রান্ত হলে কেমোথেরাপি করার জন্য মাথার চুল উঠে যায়। পরবর্তীকালে ক্যানসার সেরে গেলেও মাথায় চুল না থাকায় সমস্যায় পড়েন অনেক মহিলা। তাই তাঁদের উইগ বানানোর জন্য নিজের লম্বা, ঘন চুল দান করলেন রায়গঞ্জের কলেজ ছাত্রী জয়শ্রী দেবনাথ। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে এই কাজ করেছেন তিনি।
রায়গঞ্জ কলেজে সংস্কৃত নিয়ে দ্বিতীয় বর্ষে পড়েন জয়শ্রী। ২০ বছরের জয়শ্রীর মাথার লম্বা চুল দেখে বন্ধুরাই মাঝেমধ্যে হিংসা করতেন। এমন তারিফ করার মতো চুল স্বেচ্ছায় দান করে দিলেন তিনি। রবিবার সকালেই স্থানীয় একটি পার্লারে গিয়ে নিজের লম্বা চুল কাটেন জয়শ্রী। তাঁর এই উদ্যোগে সামিল হয় 'ফিনফিড' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জয়শ্রী এই সংস্থার সদস্য। তারা মুম্বইয়ের 'মদত ট্রাস্ট' নামের একটি সংস্থার সাথে যোগাযোগ করে জয়শ্রীর চুল সেখানে পাঠিয়ে দিয়েছে। এই চুল এখন মহিলাদের উইগ তৈরির কাজে লাগবে।
জয়শ্রীদের সংস্থা বেশ কিছুদিন ধরেই ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে রয়েছে। নানা রকমের কাজ তারা করে। এই কাজ করতে গিয়েই এই চিন্তা আসে জয়শ্রীর মাথায়। যেমন ভাবা তেমন কাজ। জয়শ্রীর কথায়, "ক্যানসার আক্রান্ত মহিলাদের চিকিৎসার এমনিতেই অনেক খরচ। সুস্থ হয়ে ওঠার পরেও তাঁদের চুল না থাকায় সমস্যায় পড়েন। হেয়ার ট্রান্সপ্লান্ট করা যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই তাঁদের ক্ষেত্রে সবথেকে ভাল হয় উইগ পরা। কিন্তু সেটা তখনই সম্ভব, যখন কেউ নিজের চুল দান করবে। কোনও মহিলার বাকি জীবনটা আনন্দে কাটবে এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। ছোট থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। সেটা আজ পূর্ণ হল।"
মেয়ের এই কাজে রাগ করা তো দূর, বরং অনেক বেশি গর্বিত মা জয়ন্তী দেবনাথ। মেয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, যদি বাকি মেয়েরাও তাঁর মেয়ের মতো এগিয়ে আসে তাহলে ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবেন মহিলারা।