চৌত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ শিগগির, বিধানসভায় মুখ্যমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এই মুহূর্তে মোট ৩৩ হাজার ৬৮৭ টি শূন্যপদ রয়েছে। ওই সব শূন্য পদ খুব শিগগির পূরণ করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিল
শেষ আপডেট: 10 July 2019 07:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এই মুহূর্তে মোট ৩৩ হাজার ৬৮৭ টি শূন্যপদ রয়েছে। ওই সব শূন্য পদ খুব শিগগির পূরণ করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্য পদ নিয়ে সভায় প্রশ্ন উঠলে তিনি এ তথ্য জানান। সরকারের তরফে লিখিত উত্তরে বিধানসভায় আরও জানানো হয়, প্রবীণ কর্মচারীরা অবসর গ্রহণের কারণেই প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। গত কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগ হওয়া সত্ত্বেও ক, খ, গ ও ঘ শ্রেণিতে শূন্য পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় চৌত্রিশ হাজার।
এর মধ্যে ১৫,১৬০ টি শূন্য পদ তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত। তফসিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে ৭হাজার ৪১১ টি আসন, তফসিলি উপজাতির জন্য ২০২১টি আসন এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৫,৭২৮ টি আসন। এ ছাড়াও ১,৩৪৭ টি পদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অসংরক্ষিত শূন্যপদ রয়েছে ১৮, ৫২৭টি।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির মানুষের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে। তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত আসনের উর্ধ্বে ওই সংরক্ষণ দেওয়া হবে। তবে সেই সংরক্ষণের আওতায় কত শূন্য পদ থাকবে তা এ দিন বিধানসভায় স্পষ্ট ভাবে জানায়নি সরকার।
মুখ্যমন্ত্রী এ দিন বিধানসভায় আরও জানান, রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক ভাবে সাহায্য করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। বর্তমানে ৯.৬৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী বাংলায় রয়েছে। এর মধ্যে সিংহভাগই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী। এদের মধ্যে যে গোষ্ঠীগুলোর রেজিস্ট্রেশন এক বছর আগে হয়ে গিয়েছে, এবং যারা নিজেদের গোষ্ঠীর সদস্যদের ঋণ দেয়, তাদের বছরে ৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এ বাবদ বছরে আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ হতে পারে সরকারের।
বাংলায় তৃণমূল সরকার গঠনের পর সব থেকে বড় সংখ্যায় নিয়োগ হয়েছিল প্রাথমিক স্কুলে। শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া হিসাব অনুযায়ী ৪২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছে বর্তমান সরকার। সেই সঙ্গে পার্থবাবু সম্প্রতি বিধানসভায় আরও জানিয়েছে, প্রাথমিক স্কুলগুলিতে আরও ১৩ হাজার শূন্য পদ রয়েছে। সে গুলিও দ্রুত পূরণ করার লক্ষ্য নিয়েছে সরকার। তা ছাড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও এ বার সরল করা হবে।