দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুরের সবং। শুক্রবার রাতে তুমুল বোমাবাজি, ভাঙচুর এমনকি অগ্নি সংযোগের ঘটনায় তেতে উঠল সবংয়ের ১১ নম্বর অঞ্চলের মোহাড় এলাকা।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। শাসকদলের স্থানীয় এক নেতা বলেন, "রাত সাড়ে আটটা নাগাদ পার্টি অফিসে বসে কয়েকজন কর্মী নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন। সেই সময়েই বিজেপির লোকজন হামলা চালায়
শাসকদলের অভিযোগ, ময়নায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা থেকে ফেরার পথে এই হামলা চালানো হয়েছে। এই সংঘর্ষে পাঁচ তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে সবং গ্রামীণ হাসপাতালে। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় যায় বিরাট পুলিশ বাহিনী। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সে কারণে এলাকায় পুলিশ পিকেট রয়েছে।
যদিও বিজেপির বক্তব্য, এই ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়। গেরুয়া শিবির পাল্টা বলেছে, তোলাবাজির ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের কোন্দলেই এই ঘটনা ঘটেছে।
কেশপুর, গড়বেতা, সবং, পিংলা-- পশ্চিম মেদিনীপুরের এই সমস্ত এলাকা সেই বাম আমল থেকেই উত্তেজনাপ্রবণ। অনেকের মতে, বোমা, বন্দুক, মাস্কেট বাহিনীর আস্ফালন এই এলাকার স্বাভাবিক ছবি। পর্যবেক্ষকদের মতে, একটা সময় এই বাহিনী নিয়ন্ত্রণ করত সিপিএম। পরে তা তৃণমূল নিয়ন্ত্রণ করতে শুরু করে। সেই সবংই নতুন করে অগ্নিগর্ভ হল শুক্রবার রাতে।