
শেষ আপডেট: 8 July 2019 17:30
এই ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে এলাকার পরিবেশ। মুখে কুলুপ এটেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার এই ধরণের ঘটনা ঘটেছে এই জেলায়। এর আগে পাটকাপাড়া, কালচিনি ও শামুকতলাতে ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে। পাটকাপাড়াতে একই কায়দায় ছেলেধরা সন্দেহে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল। তারপরে কালচিনি ও শামুকতলা এলাকায় ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনা ঘটে। পুলিশ বিভিন্ন এলাকায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে জন সচেতনতা ছড়িয়েছে। কিন্তু সেই জন সচেতনতা যে কার্যত কোনও কাজেই লাগেনি এ দিনের ঘটনা তা প্রমাণ করল।
পুলিশ সূত্রে খবর, ছেলেধরা সন্দেহে আক্রান্ত ব্যক্তি মাদারিহাটের রাঙ্গালিবাজনা এলাকার বাসিন্দা। তবে তাঁর নাম এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, “একজন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে স্থানীয় মানুষেরা মারধর শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পাল্টা পুলিশকে আক্রমণ করা হয়। যদিও আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সাতজনকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”