বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই, ব্যাপক বোমাবাজি, পুলিশের রবার বুলেট
দ্য ওয়াল ব্যুরো : ঠিক যেন পাঁচ বছর আগের ছবি। একদিকে বন্দুক উঁচিয়ে পুলিশ। অন্যদিক থেকে ধেয়ে আসছে বোমা। মাঝে বিস্তীর্ণ ধানের জমি। ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভুমের পাড়ুই থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম। রাতভর চলল ব্যাপক বোমাবাজ
শেষ আপডেট: 22 September 2019 12:04
দ্য ওয়াল ব্যুরো : ঠিক যেন পাঁচ বছর আগের ছবি। একদিকে বন্দুক উঁচিয়ে পুলিশ। অন্যদিক থেকে ধেয়ে আসছে বোমা। মাঝে বিস্তীর্ণ ধানের জমি। ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভুমের পাড়ুই থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম। রাতভর চলল ব্যাপক বোমাবাজি। সকাল থেকে পুলিশের সঙ্গে হল দফায় দফায় সংঘর্ষ। এখনও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। বিজেপির অভিযোগ, তাদের কর্মী সবুর শেখ শনিবার বিজেপি প্রতিনিধিদলের সঙ্গে ইলামবাজারের কয়ড়া গ্রামে গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর রাতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। তারা দায় চাপিয়েছে বিজেপির উপরেই। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী মিলন শেখের উপরে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শিমুলিয়া গ্রাম। শুরু হয় ব্যাপক বোমাবাজি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পুলিশও রবার বুলেট চালায় বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষ শিমুলিয়া গ্রাম ছাড়িয়ে পাশের বেলুটি ও পলসা গ্রামেও ছড়িয়ে পড়েছে। মাঝে চাষের জমি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে পুলিশের। জমির অন্য দিকে জঙ্গলের মধ্যে থেকে বোমা ছুড়ছে দুষ্কৃতীরা। তবে হাল ছাড়ছে না পুলিশ। এখনও এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়।

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/