দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের গলসিতে ভয়াবহ দুর্ঘটনা। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল দশ চাকার ট্রাক। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মাতু দাঁ। তাঁর বয়স ৩০ বছর। গলসি থানা এলাকার রামপুর গ্রামের বাসিন্দা এই যুবক। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পুরষা গ্রামের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বুধবার সকালে সহকর্মী সুমন দাস ও মিঠুন বাগদির সঙ্গে গলসি এক নম্বর ব্লকের পুরষা হাসপাতালের সামনে ডিউটিতে ছিলেন মান্তু। মূলত, হাসপাতালে আসা রোগী ও তার পরিজনদের রাস্তা পারাপার করিয়ে দেওয়া ছিল তাঁর কাজ। রাস্তার কাটিং-এর মাঝে দাঁড়িয়ে ডিউটি করছিলেন মান্তু দাঁ। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা একটি বাস আচমকাই ওভারটেক করে একটি দশ চাকার ট্রাককে। ট্রাকের পিছন থেকে আসা বাসটি হঠাৎই হাসপাতালের সামনে এসে সজোরে ব্রেক কষে।
এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দশ চাকার ওই ট্রাকটি। রাস্তার কাটিং-এর মাঝে দাঁড়ানো যুবককে পিষে দেয় ওই ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার মান্তু দাঁ-র। দুর্ঘটনার পরই দ্রুত গতিতে ট্রাক চালিয়ে পালিয়ে যায় চালক। কিন্তু কিছুদূর এগিয়ে, সামনের দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এই ঘাতক ট্রাকটির। এই ঘটনা ঘটেছে পুরষার মাঝেরপুলের কাছে। ইতিমধ্যেই ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে গলসি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।
এই ঘটনায় শোকের ছায়া গলসি এলাকায়। মৃত যুবকের গ্রামবাসীরা বলছেন,বরাবরই খুব দায়িত্বপরায়ণ ছিলেন মান্তু। সিভিক ভলান্টিয়ার হিসেবে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতেন। যেখানেই ডিউটি থাকুক না কেন হাত ধরে সকলকে সাবধানে রাস্তা পার করিয়ে দিতেন তিনি। এলাকায় কর্তব্যপরায়ণ হিসেবে পরিচিত ছিলেন এই যুবক। তাঁর এ হেন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন পরিবারের সকলে। হতবাক গ্রামবাসীরাও। চোখের সামনে মান্তুর এমন মৃত্যু দেখে শোকস্তব্ধ তাঁর বাকি সহকর্মীরাও।