দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে এবার ছৌ-নাচের পালা করোনাসুর বধ। লকডাউনের জেরে বন্ধ ছৌ নাচের সমস্ত অনুষ্ঠানও। এর মধ্যেই নতুন করে পালাগান বেঁধেছেন শিল্পীরা। সব নিয়ম মেনেই তাঁরা পালা করেছেন এবং আপলোড করেছেন ইউটিউবে। শিল্প যে কোনও বাধা মানে না, তার আরও এক উদাহরণ এই ঘটনা। শুধু তাই নয়, এই পালার বিষয়বস্তু হল, করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষ কী কী করবেন।
"ঢাকা লিবি নাখে মুখে,
হাতে লিবি রে সাবান,
হৈস না অসাবধান,
এই লড়াইয়ে ভাগ লিব সমান সমান।"
-- এমনই সব পংক্তিতে সুর দিয়ে শিল্পীরা গেয়েছেন ও নেচেছেন নতুন পালায়। এই কঠিন সময়ে ঘরে বসে সাধারণ মানুষকে সঠিক নিয়ম মেনে চলার বার্তাই পাঠাচ্ছেন শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে বলা হচ্ছে, এই কঠিন সময় যথাযথ সাবধানতা অবলম্বন করা দরকার এবং সব রকম নিয়ম মেনে চলা উচিত।
বলরামপুর থানার বড় উরমা অঞ্চলের ভালিকা-যশুডি বিশ্বকর্মা ছৌ নৃত্য পার্টি করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এইভাবেই উদ্যোগী হয়েছেন। আর এ জন্য তাঁরা বেছে নিয়েছেন ছৌ নাচের মতো লোকায়ত মাধ্যমকেই। যে নাচে দলগত পারফরমেন্সই মুখ্য, সেই নাচেও যে সামাজিক দূরত্বের বার্তা দেওয়া যায়, তা এ নাচ না দেখলে বিশ্বাস হয় না।
এই সময় প্রত্যেক বছরই ছৌ-নাচের দলগুলির জেলার বিভিন্ন জায়গায় তো বটেই, এমনকি জেলার বাইরেও নানা অনুষ্ঠান করে থাকেন। ব্যস্ত থাকেন ছৌ শিল্পীরা। এবছর অবশ্য ছৌ নাচের সব দলই ঘরে বন্দি। ঘরে বসে থাকলেও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে বলরামপুরের এই দলটি। ছৌ নাচের মাধ্যমে মানুষকে সচেতন করতে তাঁরা নেমেছেন। করোনাসুর বধ নামে সেই ছৌ নাচের পালাটি জোহার মানভূম ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে।
সামাজিক দূরত্বের নিয়ম মেনে মাত্র তিন জন শিল্পীকে দিয়ে তাঁরা এই নাচের পালা সাজিয়েছেন। যে পালার মাধ্যমে তাঁরা বলতে চেয়েছেন যে এই কঠিন সময়ে কী কী সাবধানতা অবলম্বন করলে মানুষ বাঁচতে পারে। সেখানে দেখানো হয়েছে করোনারূপী অসুর যখন সভ্যতাকে ও মানুষকে ধ্বংস করে দিতে উদ্যত তখন দেশের মানুষকে রক্ষা করতে অসুরের সঙ্গে সম্মুখসমরে নেমেছেন স্বয়ং ভারতমাতা।
এর মাধ্যমে তাঁরা একটাই বার্তাই দিতে চেয়েছেন। সঠিক নিয়ম মেনে চললে রুখে দেওয়া যাবে এই ভাইরাসকে। দেখুন সেই নাচের ভিডিও।
https://www.youtube.com/watch?v=fXPzNiFGBCE