দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দোলনায় চড়ে দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ১১ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার দক্ষিণ হাবড়ার পল্লীমঙ্গল এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নিজের ঘরেই দোলনায় দোল খাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্র সোহন দাস। সেই সময় ঘরে কেউ ছিল না। দোলনায় দোল খেতে খেতে হঠাৎ করেই তার গলায় দোলনার দড়ির ফাঁস লেগে যায়। ওভাবেই বেশ খানিকক্ষণ সে ঝুলতে থাকে বলে জানা গিয়েছে।
সোহনের বাবা ধনঞ্জয় দাস পেশায় ব্যাগের দোকানের কর্মচারী। কাজ সেরে বাড়ি ফেরার পরে ছেলেকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাবড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপরে সোহনের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সোহনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এভাবে ফুটফুটে এক শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।