গাড়ি ঘোরানো নিয়ে তুমুল মারপিট-ইটবৃষ্টি, দুই পাড়ার অশান্তিতে থমথমে হাওড়ার বাঁকড়া
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি ঘোরানো নিয়ে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে তুমুল অশান্তির জেরে রবিবার উত্তপ্ত হয়েছে হাওড়া জেলার বাঁকড়া। স্থানীয়রা জানিয়েছেন বাঁকড়ার রশিকল এলাকায় খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে।
সূত্রের খবর, এলাকারই এক ব্
শেষ আপডেট: 23 August 2020 12:33
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি ঘোরানো নিয়ে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে তুমুল অশান্তির জেরে রবিবার উত্তপ্ত হয়েছে হাওড়া জেলার বাঁকড়া। স্থানীয়রা জানিয়েছেন বাঁকড়ার রশিকল এলাকায় খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে।
সূত্রের খবর, এলাকারই এক ব্যবসায়ী রাস্তার মধ্যে তাঁর গাড়ি ঘোরানোর সময় অন্য একটি গাড়িতে ধাক্কা মারেন। এই নিয়েই দু'পক্ষের বচসা শুরু হয়। নিমেষেই কথা কাটাকাটি হাতাহাতিতে অভিযোগ ব্যবসায়ীর পাড়ার লোকজন অন্য পাড়ার বাসিন্দাদের প্রথমে মারধর করেন। পাল্টা জবাব দেয় অন্য পক্ষের লোকেরাও।

ক্রমশই দু'পাড়া থেকে লোক এসে জড়ো হয় ঘটনাস্থলে। দু'পক্ষের মধ্যে আচমকাই শুরু হয় ইটবৃষ্টি। আশেপাশের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে উন্মত্ত জনতা। ভেঙে দেওয়া হয় রাস্তায় দাঁড়ানো গাড়ির কাচ। দু'পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ক্রমশ অশান্তির পারদ চড়তে থাকায় এলাকায় আসে ডোমজুর থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যাফ।
এখনও এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে। সামান্য গাড়ি ঘোরানো নিয়ে আচমকা এত বড় ঝামেলা হওয়ায় আতঙ্ক রয়েছে গোটা এলাকায়। এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী। ঠিক কী থেকে মুহূর্তের মধ্যে এত বড় ঝামেলা হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।