দ্য ওয়াল ব্যুরো: বিজেপির রথযাত্রা তথা পরিবর্তন যাত্রায় স্থগিতাদেশ চেয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে স্থগিতাদেশ দিল না আদালত। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজেশ বৃন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।
আইনজীবী রমাপ্রসাদ রায় গত বুধবার একটি মামলা দায়ের করেন। রথযাত্রা বের হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই কথা বলে মামলা দায়ের করেন আইনজীবী।
বিজেপি ইতিমধ্যেই রথযাত্রা শুরু করেছে। আজই বীরভূমে এসেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। পরশুদিন বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
লোকসভা ভোটের আগেও রথযাত্রা করার চেষ্টা করেছিল বঙ্গ বিজেপি। কিন্তু পুলিশ অনুমোদন না দেওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হতে হয় দিলীপ ঘোষদের। তবে সেই মামলায় রাজ্যের তরফে বলা হয়, গোয়েন্দা সূত্রে রাজ্য প্রশাসনের কাছে ইনপুট রয়েছে, এই রথযাত্রা বেরোলে বিভিন্ন মিশ্র এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। সে কারণে প্রশাসনের পক্ষে অনুমোদন দেওয়া সম্ভব নয়। আদালত সেবার রথযাত্রা বাতিল করে দিয়েছিল।
বিজেপির রথযাত্রা নিয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আদালত কী করবে সেটা আদালতের বিষয়। তবে যিনি রথযাত্রার কাণ্ডারী সেই লালকৃষ্ণ আডবাণীকেই বিজেপি সাইডলাইনে ছুড়ে ফেলে দিয়েছে।”