
শেষ আপডেট: 15 February 2020 08:00
বর্ধমান শহরের বীরহাটার ঠিক আগে কালীবাজার চৌমাথায় জিটি রোডের অবস্থা সব চেয়ে বিপজ্জনক। বীরহাটা থেকে ঢলদিঘির দিকে যাওয়ার রাস্তায় যে চৌমাথা আছে সেখানে রাস্তার মাঝে পানীয় জলের পাইপের একটি চৌকো অংশ রয়েছে, অনেকটা ম্যানহোলের মতো। এই জায়গাতেই ম্যানহোলের মতো অংশের ঢাকনার পাত উঠে যায় মাসখানেক আগে। এর উপর দিয়েই যাতায়াত করছে বাস-সহ সব ধরনের যানবাহন।
জল বার হতে হতে ওই অংশে গর্ত হয়ে যাওয়ার ফলে জায়গাটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার এই অংশে আলোর কোনও ব্যবস্থা নেই। সন্ধ্যার পরে বিপদের আশঙ্কা তাই বেড়ে যায় অনেক গুণ।
বাইক আরোহীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। যাঁরা এই রাস্তার নিয়মিত যাত্রী নন তাঁদের বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি।
[caption id="attachment_187052" align="aligncenter" width="600"]
পাইপ ফেটে এমনই হাল রাস্তার[/caption]
পানীয় জল যেমন এই অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তেমনই অন্য সময় নোংরা জলও ঢুকছে পানীয় জলের পাইপে। ফলে পানীয় জল দূষিত হচ্ছে। যদিও এব্যাপারে কোনও হেলদোল নেই স্থানীয় পুর প্রশাসনের।
এলাকাবাসীদের বক্তব্য, জিটি রোডে দিন-রাত সব সময়ই যানবাহনের চাপ থাকে। এটি শহরের গুরুত্বপূর্ণ চারমাথা। এই অংশ মাসখানেকের উপর বেহাল হয়ে থাকলেও প্রশাসন উদাসীন। এব্যাপারে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিক ভজন সরকার বলেন, “পানীয় জলের লাইন মেরামতের বিষয়টি পুরসভার দেখার কথা। পুরসভাকে চিঠি লিখে জানানো হবে।” এই রাস্তা দিয়ে সকলেই যাতায়াত করেন। এতদিন কেন পুরসভাকে কিছু জানানো হয়নি সেই প্রশ্নের উত্তর তাঁর থেকে পাওয়া যায়নি। পুরসভার আধিকারিক অমিত গুহ বলেন, “বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে।”
এলাকার লোকজন বলছেন, বার বার জানানো সত্ত্বেও এখনও খতিয়ে দেখার সময় পেলেন না পুরকর্তারা! তাঁরা কি কেউই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন না! যদি নাও করেন তাহলেও কি পরিষেবা দেওয়ার কোনও দায় তাঁদের নেই!