
শেষ আপডেট: 2 May 2020 08:46
বিয়ের আগে ছবি আঁকা শিখেছিলেন। তারপরে সংসারের চাপে সেসব ভুলতে বসেছিলেন। এলাকার কেউ অনুরোধ করলে টুকটাক শেখান তবে তাকে তাঁর পেশা বলা চলে না একেবারেই। তিনি একেবারেই গৃহবধূ।
এলাকার লোক তাঁর শিল্পীসত্ত্বার কথা জানেন। এবার দেখলেন তাঁর কাজ। এমন কাজ যা তাঁর শিল্পসত্ত্বাকে তুলে ধরার পাশাপাশি সামাজিক দর্শনের পরিচয়ও করিয়ে দিচ্ছে। রং-তুলি নিয়ে রামনগর পঞ্চায়েত এলাকার পাণ্ডুক-হাটতলার পিচ রাস্তায় তিনি দিচ্ছেন সচেতনতার বার্তা। কখনও ছবি আঁকছেন আবার কখনও লিখছেন দীননাথপুর স্কুলের সামনের রাস্তায়, পঞ্চায়েত অফিসের সামনে, মোড়বাঁধ ও ছোড়া কলোনির বাজার এলাকায়। সব ছবির বিষয়বস্তুই করোনা সচেতনতা। এলাকার সাধারণ মানুষকে সচেতন করতেই তাঁর এই উদ্যোগ। কোথাও এঁকেছেন ভাইরাসের ছবি, কোথাও কোনও রূপক আবার কোথাও লিখেছেন সচেতনতার বার্তা।
সংসারের কাজকর্ম সকাল সকাল সেরে তিনি রং-তুলি হাতে বেরিয়ে পড়ছেন। এক এক দিন এক একটি এলাকায় ছবি আঁকছেন। জঙ্গলমহলের মানুষ যাতে করোনা নিয়ে জানতে পারেন, যাঁতে তাঁরা উদাসীন না হয়ে পড়েন সেজন্যই এই উদ্যোগ রাখি মণ্ডলের। তিনি যুদ্ধে নেমেছন রং-তুলিকে অস্ত্র করে।