ছ’মাস বকেয়া বিদ্যুতের বিল, লাইন কাটতে গিয়ে গুসকরায় তৃণমূল নেতার হাতে মার খেলেন সরকারি কর্মীরা
দ্য ওয়াল ব্যুরো: ছ’মাস বিদ্যুতের বিল মেটাননি, তাই লাইন কাটতে যাওয়ায় বিদ্যুৎ নিগমের কর্মীদের মারধর করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গুসকরায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এব্যাপারে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত কর্মীরা।
গুসকরা পুরসভার
শেষ আপডেট: 14 February 2020 09:20
দ্য ওয়াল ব্যুরো: ছ’মাস বিদ্যুতের বিল মেটাননি, তাই লাইন কাটতে যাওয়ায় বিদ্যুৎ নিগমের কর্মীদের মারধর করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গুসকরায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এব্যাপারে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত কর্মীরা।
গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটির সভাপতি পার্থ হাজরার বিরুদ্ধে অভিযোগ, বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও ছ’মাস ধরে তিনি বিদ্যুতের বিল দেননি। তাঁর কাছে এগারো হাজার টাকা পাওনা রয়েছে নিগমের। নিয়মমাফিক বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীরা তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে এলে তাঁদের বাধা দেওয়া হয়, এমনকি মারধরও করা হয়।
পার্থ হাজরার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ও তাঁদের উপরে হামলা করা সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত নেতার খোঁজ শুরু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার বার তাগাদা করার পরেও বিল পরিশোধ না করায় নিয়ম মাফিক পার্থ হাজরার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিদ্যুৎ বণ্টন নিগমের গুসকরা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঞ্জয় মণ্ডল। অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মঙ্গলবার নিগমের কর্মীরা বাধা পান। পার্থ হাজরা তাঁদের বলেন যে পনেরো দিন সময় চেয়ে তিনি দফতরে আবেদন করেছেন। বিদ্যুৎ নিগমের কর্মীরা তখন নির্দেশিকা দেখান। তাতেই চটে যান ওই তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, মারধর করে তিনি নিগমের কর্মীদের তাড়িয়ে দেন।
অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার দাবি, তিনি কোনও অশান্তি করেননি। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, বিস্তারিত খোঁজ-খবর না নিয়ে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়।
নিয়ম মেনে বিদ্যুৎ দফতর গত বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছে।