
শেষ আপডেট: 11 June 2020 12:31
ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ অযোধ্যায় রামমন্দির স্থল থেকে গত মাসের শেষ দিকে উদ্ধার করে ধর্মচক্র ও স্তূপ-সহ বেশ কয়েকটি নিদর্শন। তারপরেই দাবি করা শুরু হয় ওই জায়গাটি বৌদ্ধধর্মের সঙ্গে সম্পর্কিত। অনেকে আরও একধাপ এগিয়ে দাবি করতে থাকেন, জায়গাটি বৌদ্ধ তীর্থস্থান।
বিজয় বড়ুয়া জানান, কাজ চলাকালীন ওই এলাকা থেকে বুদ্ধের কয়েকটি মূর্তি, ধর্মচক্র প্রভৃতি পাওয়া গেছে যেগুলি সম্রাট অশোকের আমলের বলে তাঁদের ধারণা। তাই নর্থ বেঙ্গল বুদ্ধিস্ট সোসাইটির পক্ষ থেকে সেইসব সামগ্রীর যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি করে তাঁরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।
সর্বোচ্চ আদালতের রায়ে অযোধ্যায় মন্দির নির্মাণ শুরু হয়েছে। সে বিষয়ে কোনও মন্তব্য না করলেও অনেকেই এই জায়গায় পাওয়া বৌদ্ধধর্মের সঙ্গে সম্পর্কিত নিদর্শনগুলি নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণার দাবি করেছেন। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের একটি দল যাতে যথাযথ ভাবে সেই কাজ করে সেই দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ উদিত রাজ। অযোধ্যা ভ্রমণকালে সেখানে একশোটি স্তূপ দেখার কথা চৈনিক পরিব্রাজক ফাহিয়েন উল্লেখ করেছেন বলে টুইটে লিখেছেন তিনি।
১১ মে থেকে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য মাটি সমান করার কাজ শুরু হয়েছে।