দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকা থেকে সাড়ে তিনশো বোতল সর্দি-কাশির সিরাপ উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা। এই সিরাপ অনেকে মাদক হিসাবে ব্যবহার করেন। দোহার কান্দা সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের ‘সি’ কোম্পানির জওয়ানরা এগুলি উদ্ধার করেন।
আজ সোমবার ভোর রাতে ঘন কুয়াশা ছিল এই এলাকায়। সেটাকেই সুযোগ হিসাবে কাজে লাগিয়ে পাচারকারীরা দোহার কান্দা সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার করার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঠিক তখনই বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে হাজির হয়ে যান। তাঁরা মাদক পাচারকারীদের ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পরে পাচারকারীরা মাদক ফেলে দিয়ে পালিয়ে যায়। দুটি বাক্সে থাকা ওই মাদক উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা তবে এই ঘটনায় তাঁরা কাউকে গ্রেফতার করতে পারেননি। পাচারকারীরা দলে চারজন ছিল বলে বিএসএফ সূত্রে খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা। তাঁরা উদ্ধার হওয়া ওই মাদক স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এখন দেশের সব সীমান্ত বন্ধ। কয়েকদিন আগে উত্তরবঙ্গের কোচবিহারে চ্যাংরাবান্ধা সীমান্ত খোলা হয়েছিল আধ ঘণ্টার জন্য। তাতেও নতুন করে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছিল। এই সময় পাচারকারীদের তৎপরতা দেখে চিন্তিত প্রশাসন।