দ্য ওয়াল ব্যুরো : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর জীবনাবসান। মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রে খবর, বুধবার সকাল আটটায় এসএসকেএম থেকে বের করা হবে বড়মার মরদেহ। ১৯১৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন বীনাপাণি দেবী। তারপর দেশভাগের সময় চলে আসেন ঠাকুরনগরে।
এসএসকেএম-এর সুপার রঘুনাথ মিশ্র মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন, বড়মার অবস্থা সংকটজনক। ১০০ শতাংশ ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে তাঁর। ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। ক্রমশ বাড়ছিল রক্তচাপও। অবশেষে মঙ্গলবার সন্ধেবেলা মারা যান বড়মা।
সোমবার রাত থেকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে ছিলেন বীণাপাণি দেবী।এর আগে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন বড়মা বীণাপাণি দেবী। কিন্তু বাইপ্যাপ কাজ না করায় মঙ্গলবার সকালে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এ দিন সকাল থেকেই তিন দফায় মেডিক্যাল বোর্ডের সদস্যরা পরীক্ষা করেন বীণাপাণি দেবীকে। পাঁচ সদস্যের ওই মেডিক্যাল বোর্ড তিন দফায় নিজেদের মধ্যেও আলোচনা করে। তারপরেই চিকিৎসকেরা জানিয়ে দেন, ভেন্টিলেশন ছাড়া কোনওভাবেই রাখা সম্ভব নয় বড়মাকে। কারণ দু'টি ফুসফুসেই মারাত্মক ভাবে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে তাঁর।
গুরুতর অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার প্রথমে বীণাপাণি দেবীকে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তখনই চিকিৎসকেরা জানিয়ে দেন বুকে কফ জমেছে বড়মার।এ ছাড়াও নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর। ভর্তির পরের দিনই অর্থাৎ শুক্রবার সকালে বসানো হয় মেডিক্যাল বোর্ড। ১২ জন ডাক্তারের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়।
মাস চারেক আগে বড়মা বীণাপাণি দেবীর শতবর্ষ পালনে ঠাকুরনগরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিনকয়েক আগে ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের আমন্ত্রণেই এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বড়মার আশীর্বাদও নিয়েছিলেন মোদী।
https://twitter.com/MamataOfficial/status/1102962416189612032
বড়মার মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীনাপাণি দেবীর পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের সকলের উদ্দেশে সমবেদনা জানিয়ে তিনি বলেন, "বড়মা বীনাপাণি দেবীর প্রয়াণে আমরা শোকস্তব্ধ।" এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে। গোটা ব্যবস্থার দায়িত্বে থাকবেন রাজ্যের ছ'জন মন্ত্রী।
https://twitter.com/MamataOfficial/status/1102962419276632065