
শেষ আপডেট: 9 October 2019 10:00
সিপিএমের কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, “যাদবপুর এইট বি-র বুক স্টলেই তিন লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। নারকেল বাগানের বুক স্টলে বই বিক্রি হয়েছে এক লক্ষ ৩৮হাজার টাকার বই। এক লক্ষ ৭৫ হাজার টাকার বই বিক্রি হয়েছে রানিকুঠির স্টল থেকে।” আর প্রায় সব স্টলেই বিক্রির তালিকায় শীর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই, ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা।’
দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “এমনিতে এই স্টলগুলিতে অপেক্ষাকৃত বয়স্ক কর্মীরাই দায়িত্বে থাকেন। কারণ উৎসবের সময়ে তরুণ প্রজন্মের কর্মীরা অন্য কাজে ব্যস্ত থাকেন। কিন্তু এ বার সারা রাজ্যেই দেখা গিয়েছে বুকস্টলগুলিতে ছাত্র-যুবদের ভিড়।” সেলিম সাহেবের ব্যখ্যা, “দেশে এবং রাজ্যে যা চলছে, তাতে মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে বিষয়গুলির গভীরে গিয়ে জানার। সে কারণেই এই জায়গায় পৌঁছেছে বই বিক্রি।”
বাংলার দলীয়কর্মীদের মতাদর্শের মান যে ক্রমেই তলানিতে ঠেকেছে তা টের পেয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটিও। তাই দিল্লির নির্দেশেই বছরখানেক দু’য়েক ধরে সিপিএমের রাজ্য কমিটি দলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পাঠচক্র (স্টাডি সার্কেল) সংগঠিত করছে। জেলায় জেলায় স্থায়ী পার্টি স্কুল গড়ে তোলার ক্ষেত্রেও জোর দিয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলী। কয়েকটি জেলায় তা তৈরিও হয়েছে। রাজ্য কমিটির যে স্থায়ী পার্টি স্কুল রয়েছে ভিআইপি রোডের ধারে বাগুইআটি জোড়া মন্দিরের কাছে, সেখানেও ধারাবাহিক জেলার নেতাদের ক্লাস করানো শুরু করেছে সিপিএম। সিপিএম নেতৃত্বের একটি অংশের বক্তব্য, সমগ্র প্রক্রিয়াতে কর্মীদের আগ্রহ বাড়ছে। বই বিক্রির উর্দ্ধমুখী গ্রাফ তারই বহিঃপ্রকাশ। কলকাতার এক যুব নেতার কথায়, “তৃণমূলের সঙ্গে লড়াই কোনও মতাদর্শের লড়াই নয়। এর থেকে অনেক কঠিন লড়াই বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে। ওটাই আসল ব্যাটল অফ আইডিওলজি। এটা কর্মীরা বুঝতে পারছেন। তাই আরও বেশি করে নিজেদের মতাদর্শ চর্চা করতে চাইছে।”
সিপিএমের দাবি এ বার শুধু বই বিক্রি নয়। বেড়েছে স্টলের সংখ্যাও। ২০০৮-০৯ সালের সময় থেকে যে গোঘাট, খানাকুল, পুরশুড়াতে সিপিএমের স্টলের নাম নিশান দেখা যেত না, সেখানেও এ বার সাজিয়ে গুছিয়ে বুক স্টল খুলে বসেছিল তারা। কিন্তু এটা হল কী ভাবে? মহম্মদ সেলিম-সহ একাধিক সিপিএম নেতাই মেনে নিলেন, অন্যবার যেমন তৃণমূল ধমক দিয়ে বুক স্টল বন্ধ করে দিত, এ বার সে সব প্রায় একেবারেই হয়নি। ফলে কর্মীরাও ঘর থেকে বেরিয়ে স্টলে গিয়েছেন।
ভোটের গ্রাফ নিম্নমুখী হলেও, বই বিক্রিতে অন্য রেকর্ড গড়ল সিপিএম। যা সরকারে থাকতেও হয়নি।