দ্য ওয়াল ব্যুরো: চম্পাহাটির বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ। আজ সকালেই আগুন লেগেছে এই বাজি কারখানায়। স্থানীয়রা জানিয়েছেন, অনেক দূর থেকেও নজরে এসেছে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। স্পষ্ট বোঝা যে বিস্ফোরণের তীব্রতা যথেষ্ট বেশি। সামনেই কালীপুজো এবং দীপাবলি। আজ যাঁরা বাজি কিনতে গিয়েছিলেন সবাইকে নিরাপদে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকেই কারখানা চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে কারখানায় মজুত থাকা বাজির থেকেই বিস্ফোরণ হয়েছে। বিপুল পরিমাণ বাজি মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের তীব্রতাও বেশি। স্থানীয় সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের দুটি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কদিন পরেই কালীপুজো আর দীপাবলি উৎসব থাকায় কারখানায় বাজি তৈরির শেষ মুহূর্তের কাজ চলছিল। এমন সময়ে এই বিস্ফোরণে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত কয়েক লক্ষ টাকার বাজি নষ্ট হয়েছে বলে শোনা যাচ্ছে। এলাকায় রয়েছেন বারুইপুর থানার পুলিশ কর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন, আজ বেলা বারোটা নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ছুটে গিয়ে বাসিন্দারা দেখেন দাউদাউ করে জ্বলছে বাজি কারখানা। আগুন ছড়িয়েছে পাশের দোকানেও। আপাতত ওই এলাকা সম্পূর্ণ খালি করে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। কারখানায় অবৈধ ভাবে বাজি মজুত করা ছিল কিনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ভাবে কাজ করছিল কিনা, এইসব খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, চম্পাহাটি এলাকা থেকেই শহর ও শহরতলির বিভিন্ন অংশে বাজি সরবরাহ করা হয়। অবৈধ ভাবে বাজি মজুত এখানকার নতুন ঘটনা নয়। এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বারবার তল্লাশিও চালিয়েছে পুলিশ। কিন্তু তাতেও কিছু সুরাহা হয়নি।