দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনে আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করতে গিয়েছিলেন। সেই সভা থেকে তিনি বলেছিলেন, "করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। কবে হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি। করোনা কবে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু তৃণমূল কবে যাবে সবাই জানে।"
সে তো ছিল রাজনৈতিক ভ্যাকসিনের কথা! এবার বিজেপি কর্মসূচি নিয়েছে গোটা রাজ্যে বাড়ি বাড়ি স্যানিটাইজার বিলি করবে।
পদ্মফুল আঁকা প্যাকেটে বিলি করা হবে স্যানিটাইজার। দেখতে অনেকটা শ্যাম্পুর পাতার মতো। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেছেন, বাংলাকে তৃণমূল মুক্ত করার আবেদন নিয়ে রাজ্যের সর্বত্র বাড়ি বাড়ি বিজেপি কর্মীরা এই স্যানিটাইজার বিলি করবে।
মূলত জীবাণুমুক্ত করার জন্য স্যানিটাইজার ব্যবহার করা হয়। অনেকের মতে, কৌশলে তৃণমূলকে জীবাণু বোঝাতে চেয়েছে বিজেপি।
গেরুয়া শিবিরের এই স্যানিটাইজার বিলির কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "দেশের মানুষকে এখন দুটো ভাইরাসের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এক করোনা এবং দুই, বিজেপি। বাংলার মানুষ বিজেপি ভাইরাসকে পরাজিত করবে।"