ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি
দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়ায়। পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লাহিড়ীর ভাইয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে রবিবার রাতে। কল্পনাদেবীর অভিযোগ, তৃণমূল যাতে অনাস্থা আনতে না পারে, সেজন্য ভয় দেখাতেই এই ঘটনা ঘটিয়েছে বিজ
শেষ আপডেট: 2 December 2019 09:34
দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়ায়। পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লাহিড়ীর ভাইয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে রবিবার রাতে। কল্পনাদেবীর অভিযোগ, তৃণমূল যাতে অনাস্থা আনতে না পারে, সেজন্য ভয় দেখাতেই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গেরুয়া শিবিরের এক নেতা বলেন, তৃণমূল নিজেরাই বাজি ফাটিয়ে বিজেপির উপর দোষ চাপাতে চাইছে।
লোকসভা ভোটে জয়ের পরেই অর্জুন সিং-এর দাপটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাইন দিয়ে পুরসভা দখল করে নিয়েছিল বিজেপি। কিন্তু পুজোর আগে থেকে হালিশহর, কাঁচরাপাড়া , গারুলিয়া-সহ হাতের বাইরে চলে যাওয়া পুরসভাগুলি ফেরাতে শুরু করে তৃণমূল। সর্বশেষ গত ৬ নভেম্বর ভাটপাড়া পুরসভার ১২জন কাউন্সিলর বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসেন। অনেকের মতে, এই ক’মাস আগেও অর্জুন সিং ছিলেন এই পুরসভার চেয়ারম্যান। লোকসভা ভোটে দাঁড়ানোর সময়ে ওই চেয়ারে বসিয়ে গিয়েছিলেন ভাইপো সৌরভ সিংকে। কিন্তু এখন যা সমীকরণ দাঁড়িয়েছে, তাতে বিজেপির পক্ষে বোর্ড ধরে রাখা মুশকিল।
আস্থা ভোট হবে শিগগির। তৃণমূলের দাবি, বিজেপির হাত থেকে বোর্ড চলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের নেতাদের বক্তব্য, অর্জুন সিং-এর লোকজন আস্থা ভোটে হারার ভয়েই কাউন্সিলরদের আত্মীয়দের বাড়িতে বোমাবাজি করছে। এর আগেও কল্পনা লহিড়ীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল। যদিও রবিবার রাতের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
ভাটপাড়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৩৫টি। অর্জুন সিং সাংসদ হওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন। মৃত্যু হয়েছে ভীম সিং নামের এক কাউন্সিলরের। একটি ওয়ার্ড দখলে রয়েছে বামেদের। ফলে এই মুহূর্তে বোর্ড গড়তে দরকার ১৭ জন কাউন্সিলরের সমর্থন। পাঁচজন কাউন্সিলর দল বদল করেননি। তাঁরা তৃণমূলেই রয়ে গিয়েছিলেন। ৬ নভেম্বর ফিরে আসেন ১২জন। ফলে যে সংখ্যা দরকার বোর্ড গড়ার জন্য সেটা হয়ে গিয়েছে বলে আত্মবিশ্বাসী শাসকদল।