দ্য ওয়াল ব্যুরো: বিকেল বেলা কাজ সেরে বাড়ি ফিরেছিলেন জলপাইগুড়ির বাসিন্দা বিপ্লব বিশ্বাস। হঠাৎই শুনতে পান ফোঁস ফোঁস আওয়াজ। খানিক পর বুঝতে পারেন আওয়াজ আসছে বাড়ির উপরের টিনের চালের থেকেই। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠেছিল। তাহলে কী......
একটু সাহস করেই এগিয়ে গিয়েছিলেন বিপ্লববাবু। তারপর যা দেখলেন তাতে পিলে চমকে যাওয়ার জোগাড়। চিৎকার করে করে কয়েক পা ছিটকে চলে আসেন তিনি। দেখেন বাড়ির চালে দিব্য পেঁচিয়ে কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে এক পেল্লাই অজগর সাপ। অত বড় সাপ দেখে আতঙ্কে-ভয়ে দিশেহারা হয়ে যান বিপ্লববাবু। ততক্ষণে তাঁর চিৎকার শুনে জড়ো হয়েছেন পড়শিরা। বিশাল বড় সাপ দেখে সকলেরই প্রায় ভিরমি খাওয়ার জোগাড়।
https://www.youtube.com/watch?v=5igYjl4H_lE&feature=youtu.be
এমনিতে জলপাইগুড়ির মানুষ আকছার সাপ দেখে অভ্যস্ত। কিন্তু তা বলে অজগর! বাঁশ নিয়ে সাপটিকে তাড়ানোর জন্য একটু খোঁচা দিতেই ফোঁস করে ওঠে সে। স্থানীয়রা বোঝেন খবর দিতে হবে বনদফতরে। প্রাথমিক ধাক্কা সামলে গুরুমারা ফরেস্টে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ছুটে আসেন বনদফতরের কর্মীরা।
বনকর্মী বিজয় ধর জানিয়েছে এটি একটি ইন্ডিয়ান রক পাইথন। অনুমান, পাশের বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে সাপটি লোকালয়ে এসেছে। আপাতত সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বনদফতরের কর্মীরা। শারীরিক পরীক্ষার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।