দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভারতীয় সীমানার মধ্যে ঢুকে দুই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ বর্ডার গার্ডের (বিবিজি) বিরুদ্ধে। নয়ন শেখ ও সাহিদুল শেখ নামে দুই কৃষক পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে মুর্শিদাবাদ জেলার রানিনগরের বামনাবাদ সীমান্ত এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অপরহণ করে নিয়ে যাওয়া ওই দুই কৃষকদের নাম নয়ন শেখ ও সাইদুল ইসলাম। তাঁদের বাড়ি বামনাবাদ এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই দুই কৃষক বিএসএফের ৩ নম্বর আউট পোস্ট দিয়ে মাঠে চাষের কাজে গিয়েছিলেন। যে জায়গায় তাঁরা গিয়েছিলেন সেটি বিশাল চর তবে সবটাই ভারতীয় এলাকা। সীমান্তের ওপার থেকে পদ্মা নদী পেরিয়ে এসে ওই দুই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে বিজিবি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজিবির জওয়ানরা অবৈধ ভাবে ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে পড়তেই ওই দু’জন প্রতিবাদ করেছিলেন। তখনই তাঁদের তুলে নিয়ে যায় বিবিজি।
অপহৃত দুই কৃষককে ফিরিয়ে আনার জন্য বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকার মানুষের অভিযোগ, বিএসএফ জওয়ানরা সীমান্ত থেকে অন্তত পাঁচ থেকে ছয় কিলোমিটার ভিতরে থাকেন। সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটে। ওই চরে চাষ করতে যাওয়া অন্য লোক জন ফিরে এসে অপরহণের ব্যাপারে নয়ন শেখ ও সাহিদুল শেখের পরিবারকে জানায়।
দুই অপহৃতের পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা মূলত অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন। এক জন গিয়েছিলেন তিল কাটতে এবং অন্যজন গিয়েছিলেন জমিতে কীটনাশক ছড়াতে। অন্য দিনের মতো সকাল ছ’টা নাগাদ তাঁরা বেরিয়ে যান। দুপুরে তাঁদের অপহরণ করা হয়। পরে ওই জমিতে আরও যাঁরা চাষের কাজে গিয়েছিলেন তাঁরা ফিরে এসে একথা জানান। জানার পর থেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে দুই পরিবার। বিএসএফ সূত্রে জানা গেছে, বিবিজির সঙ্গে কথা চলছে যাতে দ্রুত ওই দুই ব্যক্তিকে ছাড়িয়ে আনা যায়।
ভারতীয় সীমান্তে বিদেশিদের উপদ্রব বেড়েই চলেছে। গালওয়ান নিয়ে চিনের সঙ্গে দ্বন্দ্ব তুঙ্গে। সম্প্রতি ভারতের একাধিক এলাকা নিজেদের মানচিত্রে দেখিয়ে তাদের নিজেদের বলে দাবি করেছে নেপাল। এবার বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে দুই কৃষককে অপহরণ করার অভিযোগ উঠল।