দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়াঃ করোনা আবহের মধ্যেই হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল সোনামুখীর জঙ্গলে। তেইশটি হাতির একটি দল গত দুদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে এই এলাকায়। এই ঘটনায় রাতের ঘুম ছুটেছে সোনামুখীর জঙ্গল লাগোয়া মুশলো, বেলডাঙ্গা, কওরাশলি, মাছডোবা, ভোলা সহ বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের।
বনদফতর সূত্রে খবর, এই মুহূর্তে হাতির দলটি রয়েছে হামিরহাটি বিটের ভোলাতে। খুব দ্রুত হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সোনামুখী বন দফতরের আধিকারিকরা।
এলাকার বাসিন্দা অমর ঘোষ, জয়ন্ত পাল বলেন, "দু'দিন ধরে হাতির পাল তাণ্ডব চালাচ্ছে। মাঠে ফসল রয়েছে। সেই ফসল নষ্ট করে দিচ্ছে। যদি বাড়িঘর ভেঙে দেয়, সেই আশঙ্কায় আমরা আতঙ্কে রয়েছি।"
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন,"এই মুহূর্তে সোনামুখী জঙ্গলে তেইশটি হাতি রয়েছে। তবে আমরা সতর্ক রয়েছি যাতে লোকালয়ে প্রবেশ করে হাতির দলটি গ্রামবাসীদের কোনও ক্ষতি না করতে পারে।" যদিও ফসলের ক্ষয়ক্ষতির কথা মানতে নারাজ বন দফতর। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর নেই বলে জানান তিনি।
দিন দশেক আগেই করোনা ও আমফান এই দুই জোড়া ফলায় যখন মানুষ নাস্তানাবুদ হচ্ছেন, ঠিক তখনই দলমার দামালরা হামলা চালায় বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুর এলাকায়। তাদের আক্রমণে বেশ কয়েক বিঘা জমির তিল,সব্জি ও বাদাম চাষ ক্ষতিগ্রস্ত হয়।
এই এলাকায় দলমার দামালদের তাণ্ডব নতুন কিছু নয়। ফি বছর এই সব এলাকায় অবাধে তাণ্ডব চালায় হাতির পাল। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে একে অর্থনৈতিক ভাবে চূড়ান্ত সমস্যায় মানুষ, তার উপর হাতির হানা বাড়তি সমস্যার মুখে দাঁড় করাচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষকে।