দ্য ওয়াল ব্যুরো: শহরে ঢোকার আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের বাহিচা এলাকায় ব্রাউন সুগার-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। তারা দু’জনেই মালদহের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ৫ লক্ষ টাকা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাজিফুল শেখ (৪০) ও সুনীল কুণ্ডু (৪১)। তাদের বাড়ি মালদহ জেলার কালিয়াচক ও গাজলে। শুক্রবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। এই পাচারের ব্যাপারে লিঙ্কম্যান কে রয়েছে তার হদিস পেতে ধৃতদের নিজেদের হেফাজতের নেওয়ার জন্য আদালতে কাছে আবেদন করা হবে। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
পুলিশ জানিয়েছে, ধৃত দু'জন বৃহস্পতিবার দুপুরে মোটরবাইক করে বালুরঘাট শহরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই এলাকায় মোতায়েন করা ছিল বালুরঘাট থানার পুলিশ। সন্দেহভাজনরা ওই এলাকায় আসতে তাদের থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে মোট দু’টি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করা হয় যার ওজন ৫০০ গ্রাম।
এ ছাড়াও তাদের কাছ থেকে এক প্যাকেট টেম্পার পাউডারও উদ্ধার করেছে পুলিশ। তারা যে মোটর বাইকে চড়ে আসছিল সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দু'জন বালুরঘাট শহরে বিক্রি করার জন্য ওই ব্রাউন সুগার নিয়ে আসছিল।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এই ব্রাউন সুগার উদ্ধারকে বড়সড় সাফল্য বল মনে করছে। তাই বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে পুলিশ সুপার দেবর্ষি দত্ত সাংবাদিক বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিব, ডিএসপি (হেডকোয়ার্টার্স) ধীমান মিত্র এবং বালুরঘাট থানার আইসি গৌতম রায়।
এদিন সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “আজ দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বাইহিচা এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মালদহ জেলার দু'জনকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সমেত তাঁরা গ্রেফতার করেন। বালুরঘাট শহরে ওই ব্রাউন সুগার বিক্রি করার জন্য নিয়ে আসা হচ্ছিল বলে আমাদের প্রাথমিক অনুমান। আগামী কাল (শুক্রবার) তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। ব্রাউন সুগার বিক্রির ঘটনায় কোনও লিঙ্কম্যান রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”