
শেষ আপডেট: 16 November 2020 12:09
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ইছামতি ব্রিজের প্রবেশ দ্বারে গেলেই চোখের সামনে জ্বলজ্বল করছে নেতাজির মর্মরমূর্তি। অটোওয়ালা অজয় কুণ্ডু সারাদিন অটো চালিয়ে যেমন সংসার চালিয়েছেন, স্ত্রী ছেলে-মেয়ের সব ইচ্ছে পূরণ করেছেন, তেমনই কিছু টাকা জমিয়ে বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে ইছামতি ব্রিজের কাছে একটি নেতাজির মূর্তি তৈরি করিয়েছেন।
নেতাজির এই মূর্তিটি ১৩ ফুট লম্বা, ৫ ফুট চওড়া। সিমেন্ট, বালি, প্লাস্টার অফ প্যারিস ও ব্রোঞ্জের রং দিয়ে তৈরি হয়েছে মূর্তিটি। খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা। অজয়বাবু জানিয়েছেন, ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন শহর ও অন্যান্য রাজ্যে গেলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দেখে অণুপ্রাণিত হতেন তিনি। কলকাতায় শ্যামবাজারের মোড়ে নেতাজির মূর্তি তাঁর খুব ভাল লাগত। তাই ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল একটি নেতাজির মূর্তি তৈরি করাবেন তিনি।
অজয়বাবু আরও জানিয়েছেন, অটো চালানো শুরু করার পর গত পাঁচ বছর ধরে টাকা জমাচ্ছিলেন তিনি। এই কাজে তাঁকে সমর্থন করেছে তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও পরিবারের বাকিরা। তাঁর ইচ্ছে ছিল শহরের প্রাণকেন্দ্রে নেতাজির মূর্তি বসুক। সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসায় গর্বিত বসিরহাটের মানুষ। তাই দু’হাত ভরে তাঁরা আশীর্বাদ করছেন এক সাধারণ অটোচালককে।
এই উদ্যোগের প্রশংসা করেছেন বসিরহাটের বিশিষ্ট জন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মহলও। এদিন এই মূর্তির উদ্বোধন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিপেন্দু বিশ্বাস ও অন্যান্য বিশিষ্টজনেরা। নেতাজির মর্মরমূর্তি ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক। অজয়বাবুর এই কাজে গর্বিত বসিরহাটের অটোচালকরাও।