দ্য ওয়াল ব্যুরো: কোথায় আসানসোল, কোথায় বেজিং আর কোথায় পিয়ংইয়ং! চিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে ইতিহাস-ভূগোল মিলিয়ে ফেলল বিজেপি।
লাদাখে চিনা হামলায় ভারতীয় সেনাদের নিহত হওয়ার ঘটনায় ফুঁসছে দেশ। চারিদিকে বিক্ষোভ। চিনা পণ্য বয়কটের ডাক ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু কথায় বলে অতিরিক্ত রাগে সাত-পাঁচ জ্ঞান থাকে না। খানিকটা তেমনই হল আসানসোলের বিজেপির ক্ষেত্রে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়াতে গিয়ে আগুন দিয়ে দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জন উনের ছবিতে।
টুইটারে একটি ভিডিও ঘুরছে। যেখানে.আসানসোলের দক্ষিণ-১ মণ্ডলের বিজেপি.সভাপতি পরিচয় দিয়ে গণেশ মান্ডি নামের এক ভদ্রলোক বলছেন, "লাদাখের ঘটনার বিরুদ্ধে আমরা মিছিল বের করেছি। আমরা এবার চিনের প্রধানমন্ত্রী কিম জনের ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানাব।"
https://twitter.com/sangramsatpath9/status/1273573609949130753?s=20
সেইসঙ্গে গণেশবাবু এও বলেন, "সাধারণ মানুষের কাছে আবেদন-- চিনা পণ্য বর্জন করুন। স্বদেশী পণ্য ব্যবহার করুন।" তাঁরা সবাই মিলে চিনকে অর্থনৈতিক ভাবে দূর্বল করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
গণেশবাবু যখন ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন তখন দেখা যাচ্ছে বাঁশের খাটিয়া বানিয়ে কয়েকজন মিলে কুশপুতুল কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
স্বাভাবিক ভাবেই কিম কে চিনের প্রধানমন্ত্রী বলা নিয়ে মস্করা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখছেন, "এই দেড় মাস আগে যে লোকটা উধাও হয়ে গিয়েছিলেন, মৃত্যুর গুজব রটে গিয়েছিল, সেই কিমকে টেনে আনার কোনও মানে হয়!" কেউ আবার লিখেছেন, "ভাগ্যিস রাগের বশে নেহরুকে চিনা প্রেসিডেন্ট বানিয়ে দেয়নি!" এক তরুণী আবার এই বিজেপি নেতাকে সতর্ক করতে চেয়ে বলেছেন, "সাবধান! কিম কিন্তু মিসাইল ছুড়ে দিতে পারে!" এক চিকিৎসক ওই ভিডিওর নীচে লিখেছেন, "একই রকম দেখতে তো! তাই গুলিয়ে গিয়েছে। এ নিয়ে মস্করা করা মোটেই উচিত নয়!"
তবে আসানসোলের অন্যান্য বিজেপি নেতারা বলছেন, সেনাদের রক্ত দেখলে কোনও সাচ্চা দেশপ্রেমীর মাথার ঠিক থাকে না। এসব হতেই পারে। তবে তাঁদের দাবি, ছবিটা শি জিনপিংয়েরই ছিল! ভুলে করে.কিম বলে ফেলেছে। এসব নিয়ে পরিস্থিতিকে লঘু করে দেখানোর কোনও মানে হয় না!