দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। তারপরেই বাড়ি ফিরে আসেন তিনি। ব্যক্তিগত চিকিৎসককে ফোন করা হয়। চিকিৎসক এসে তাঁর শারীরিক পরীক্ষা করে কিছু ওষুধ দেন। ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। কিন্তু রাত তিনটে নাগাদ ফের তাঁর বুকে ব্যথা শুরু হয়।
তারপরেই এদিন সকালে চিকিৎসক এসে অরুপ রায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেইমতো তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। সেখানেই এমারজেন্সিতে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে অরূপ রায়ের শারীরিক পরীক্ষা চলছে বলে খবর। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।