দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমান জেলা থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল আসানসোল উমারানি গরাই মহিলা কল্যাণ স্কুলের ছাত্রী অনুশ্রী ঘোষ। রাজ্যের মধ্যে সে নবম স্থান অধিকার করেছে। মাধ্যমিকে সে পেয়েছে ৬৮৪ নম্বর। এই খবর আসতেই মহিলা কল্যাণ স্কুলের শিক্ষকরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁরা জানান, অনেক দিন পরে তাঁদের স্কুল থেকে এত ভাল ফল হল।
অনুশ্রীর প্রিয় বিষয় অঙ্ক। পড়াশোনা করার একটা বড় সময় সে অঙ্ক কষে। তার মা অঞ্জনা ঘোষ বলেন, “মেয়ে পড়াশোনা নিয়ে খুব পরিশ্রম করে। গণিত ওর প্রিয় বিষয়। প্রতি দিন দুই থেকে আড়াই ঘণ্টা করে ও অঙ্ক কষে। ওকে খাবার দিলে বলে পরে খাব। মেয়ে আমার খুবই ভাল। কোনও সমস্যা হলে বা কিছু দরকার হলে মেয়ে আমার থেকে চেয়ে নেয়। আমাদের কোনও কষ্ট হলেও আমরা ওকে বুঝতে দিই না।”
তনুশ্রীর বাড়ি বারাবনি থানার বেলিয়াপুরে। তার বাবা অচিন্ত্য ঘোষ একটি বেসরকারি আউটসোর্সিং সংস্থায় কর্মরত। তিনি বলেন, “মেয়ে ভাল ফল করায় আমি খুব খুশি হয়েছি। কেউ একটু সাহায্য করলে আমার মেয়ে পড়াশোনা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে।”
স্কুলের পাশাপাশি তিন জনের কাছে প্রাইভেট টিউশন পড়ত অনুশ্রী। ভাল ফল করার জন্য সে দিনে অন্তত আট ঘণ্টা করে পড়াশোনা করত। অবসর সময় কাটায় গল্পের বই পড়ে। খেলাধুলোয় তার বিশেষ আগ্রহ নেই। অনুশ্রী জানিয়েছে এমন ফল যে হবে তা সে আশাই করেনি। তার কথায়, “খবরটা পেয়েছি স্কুলের শিক্ষকদের কাছ থেকে। আমি পশ্চিমবঙ্গের মধ্যে নবম হয়েছি জেনে খুবই ভাল লাগছে।” ভাল ফল করার কৃতিত্ব সে স্কুলের শিক্ষক ও মা-বাবাকে দিয়েছে। তাকে অভিনন্দন জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়।