দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতি অনেক দিন আগেই অশালীনতার গাড্ডায় পড়ে গেছে। ডান-বাম নির্বিশেষে সেই অশ্রাব্য আক্রমণ অব্যাহত। তাতে নতুন সংযোজন অনুব্রত মণ্ডলের সোমবারের বক্তব্য।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে সভা ছিল অনুব্রতর। বোলপুর লোকসভার মধ্যে পূর্ব বর্ধমানের দুটি বিধানসভা পড়ে। তার দায়িত্বে অনুব্রত। সেই সভা থেকেই বিজেপি নেত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী সম্পর্কে লাগামহীন আক্রমণ করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
এদিন অনুব্রত বলেন, "দিনে এই লোক, রাতে এই লোক। বার বার লোক চেঞ্জ করছে।”
এমনিতে প্রতি ভোটের আগে একটা করে দাওয়াই ব্র্যান্ড হাজির করেন অনুব্রত। পঞ্চায়েতে গুড় বাতাসা হলে পৌর ভোটে চড়াম চড়াম, আবার লোকসভায় হয়তো পাচন। শুটিয়ে লাল করে দেব থেকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে-- তাঁর মুখ নিঃসৃত বাণীর সংখ্যা কম নয়। এবার সেই তিনিই শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন!
সিপিএমের অনিল বসু থেকে, বিনয় কোঙার কিংবা আনিসুর রহমান, তৃণমূলের তাপস পাল থেকে অনুব্রত মণ্ডল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির সায়ন্তন বসু থেকে দিলীপ ঘোষ-- বারবার তাঁদের বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু অশালীনতার যে চক্রব্যূহে রাজ্য রাজনীতি ঢুকে পড়েছে তা থেকে যেন বেরোতেই পারছে না।