
শেষ আপডেট: 28 September 2020 06:24
এর আগেই নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হল। বর্তমান অর্থ দফতরের সচিব হরেকৃষ্ণ দ্বিবেদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নিযুক্ত করা হল। অন্যদিকে অর্থ দফতরের সচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। আগামী ১ অটোবর থেকে দায়িত্ব নেবেন তিনজন।”
https://twitter.com/MamataOfficial/status/1310459074094313473?s=19
মুখ্যমন্ত্রী আরও একটা টুইটে জানিয়েছেন মুখ্যসচিবের দায়িত্ব ছাড়লেও অন্য একটি দায়িত্ব দেওয়া হচ্ছে রাজীব সিনহাকে। তিনি বলেন, “আমি আরও জানাতে চাই রাজ্যের বিদায়ী মুখ্যসচিব রাজীব সিনহাকে তিন বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। রাজ্য সরকারের হয়ে কাজের জন্য তাঁকে ধন্যবাদ।”
https://twitter.com/MamataOfficial/status/1310462596080902144?s=19
গত বছর ৩০ সেপ্টেম্বর অবসর নেন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মলয় দে। তারপরেই মুখ্যসচিবের দায়িত্ব পান তৎকালীন স্বাস্থ্যসচিব রাজীব সিনহা। তারপরে এক বছর ধরে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। করোনা পরিস্থিতিতে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে দেখা গিয়েছে রাজীব সিনহাকে। বিশেষ করে সংক্রমণের আশঙ্কায় আলাপন বন্দ্যোপাধ্যায় হোম কোয়ারেন্টাইনে চলে গেলে অতিরিক্ত দায়িত্ব নিতে হয় রাজীব সিনহাকে।
রাজ্যের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে পাশে দেখা যেত তাঁকে। অনেকদিন একাই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের করোনা পরিস্থিতির কথা তুলে ধরেছেন তিনি। অবশ্য কাজে যোগ দেওয়ার পরে অনেক দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কেও। আগামী ১ অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন তিনি।