
শেষ আপডেট: 24 January 2021 11:37
শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন বলে কিছুদিন আগেই সারদা কর্তা সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি প্রকাশ পেয়েছে। সেই চিঠি এদিনের মঞ্চ থেকে পড়েও শোনান ডায়মন্ড হারবারের বিধায়ক।
অভিষেক বলেন, “সারদার কর্নধার সুদীপ্ত সেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন অফিসারকে লিখেছেন। এটা সুদীপ্ত সেনের হাতে লেখা। চ্যালেঞ্জ করতে পারবে। করলে আমি চিঠিটা পাঠিয়ে দিতে পারি। ফরেন্সিক চাইলে করতে পার। কে, কবে, কেন লিখেছে প্রমাণ কর। আমি প্রস্তুত। এখানে চারটে পাতার পরে সুদীপ্ত সেন লিখছে, ‘আমি শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দিয়েছি।’ তাহলে তোলাবাজ কে? ঘুষখোর কে? দু নম্বরী কে? মীরজাফর কে? বিশ্বাসঘাতক কে? মানুষের সাথে বেইমানি করেছে কে? এই তো প্রমাণ দিচ্ছি। এই প্রমাণ তুই আমার বিরুদ্ধে দে, আমি ফাঁসিতে মৃত্যুবরণ করব। তুই মৃত্যুবরণ করবি। ক্ষমতা আছে। হবে লড়াই। জনতার দরবারে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি। শুধু এই না, সুদীপ্ত সেন লিখেছে, ‘আমি যেদিন ফেরার হয়েছিলাম, তার আগের দিন রাতে এসেও শুভেন্দু অধিকারী পয়সা নিয়েছিল।'”
এদিনের মঞ্চ থেকেও ফের বিজেপির একাধিক নেতার নাম নিয়েও আক্রমণ ক্রতে শোনা যায় তৃণমূল সাংসদকে। তিনি বলেন, “আমি বলছি দিলীপ ঘোষ গুণ্ডা, অমিত শাহ বহিরাগত। আমি ভাববাচ্যে কথা বলি না। কৈলাশ বিজয়বর্গীয় বহিরাগত। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকা। আজকে নাম নিয়ে বলছি, ঘুষখোর শুভেন্দু অধিকারী। তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস যা।”
নির্বাচনে জিতে তৃণমূল সরকার ফের ক্ষমতায় এলে এবার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন অভিষেক। তিনি বলেন, “আমি ২০১৬ সালে প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, যারা পার্টির ভাবমূর্তি খারাপ করছে তাদের পিছনে সারিতে রাখা হোক। আমার কথায় যদি দল চলত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কথা অনুয়ায়ী বিচার করে দলটা চালাতেন তাহলে আজ এদের জায়গা শ্রীঘরে হত। আমি বলে যাচ্ছি আগামী দিন ক্ষমতায় আসলে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে। তৈরি থেকো। কড়ায় গণ্ডায় জবাব দেব।"