৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ভাটপাড়ায়, ফিরল রাণাঘাটের স্মৃতি
দ্য ওয়াল ব্যুরো: ফের নারী নির্যাতনের অভিযোগ রাজ্যে।
এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া। ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করল প্রতিবেশী। অভিযুক্তের নাম আশিস শর্মা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ৫০ পেরনো আশিস শর্মা জেরায় ধর্ষণের
শেষ আপডেট: 30 December 2019 07:06
দ্য ওয়াল ব্যুরো: ফের নারী নির্যাতনের অভিযোগ রাজ্যে।
এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া। ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করল প্রতিবেশী। অভিযুক্তের নাম আশিস শর্মা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ৫০ পেরনো আশিস শর্মা জেরায় ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।
ধর্ষিতা বৃদ্ধাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ার রামনগর কলোনি এলাকায়।
রবিবার রাতে বাড়িতেই একাই ছিলেন বৃদ্ধা। রাতে মেয়েরা এসে দেখেন মা রক্তাক্ত অবস্থায় মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছেন। যৌনাঙ্গে ক্ষতও দেখতে পান তাঁরা। এরপরই প্রতিবেশীরা জানায়, আশিস শর্মা এসেছিল বাড়িতে।

বৃদ্ধার দুই মেয়ে জানিয়েছেন, অভিযুক্ত আশিস তাঁদের মাকে কাকিমা বলে সম্বোধন করত। দীর্ঘদিন ধরেই বাড়িতে যাতায়াত। বয়সের পার্থক্যও এতটাই এমন ঘটনার কথা কেউই আন্দাজ করেননি। প্রতিবেশীদের বক্তব্য, ওই বৃদ্ধা পাড়ায় একেবারেই নির্বিবাদী হিসেবে পরিচিত। কারও সাতে-পাঁচে থাকেন না। শুধুমাত্র যৌন লালসার জন্যই এই ঘটনা নাকি প্রতিহিংসা চরিতার্থ করতে ধর্ষণ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বছর ছয়েক আগে রাণাঘাটে একটি চার্চের বৃদ্ধা সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। চার্চের জিনিসপত্র লুঠ করতেই তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও বিক্ষোভের ঘটনা ঘটেছিল। পরে ওই বৃদ্ধা বাংলা ছেড়েই চলে যান। ভাটপাড়ার এই ঘটনা দেখে অনেকেই বলছেন রাণাঘাটের স্মৃতি উস্কে দিল।