দ্য ওয়াল ব্যুরো: রেললাইনের পাশে পড়ে কাতরাচ্ছিলেন রক্তাক্ত এক যুবক। আশেপাশে ততক্ষণে জড়ো হয়েছেন পথচলিত মানুষ। ক্রমশ বাড়তে থাকে ভিড়। জটলার ভিতর থেকে কেউ কেউ বলে উঠলেন, "যেভাবে মাথা ফেটে রক্ত ঝরছে এ ছেলে বাঁচবে না।" পাছে আইনি ঝামেলায় জড়াতে হয় তাই নানা মন্তব্য শোনা গেলেও সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউই।
শনিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ মছলন্দপুর স্টেশন থেকে সংহতি স্টেশনের মাঝে সাতপুর এলাকায় রেললাইনের পাশে পড়েছিলেন ওই যুবক। ভিড় দেখে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দা রাজবল্লভপুর স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র নিলয় বিশ্বাস ও মধ্যমগ্রামের একটি বেসরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রাহুল বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় যুবককে ওভাবে পড়ে থাকতে দেখে আর সময় নষ্ট করেনি এই দু'জন। নিজেদের তিন বন্ধু সজল ব্যাপারী, তুষার মণ্ডল ও নান্টু চৌধুরিকে সঙ্গে নিয়ে ওই যুবককে মছলন্দপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তারা।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুবককে রেফার করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় শনিবার রাতেই তাঁকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। উদ্ধারকারী স্কুল-কলেজ পড়ুয়ারাই খবর দেয় আহতের বাড়িতে। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম ইসলাম বিশ্বাস। বছর চৌত্রিশের ইসলামের বাড়ি বাদুরিয়া থানার চাতরা চণ্ডীপুর এলাকায়। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানে বাবার সঙ্গে প্লাম্বারের কাজ করতেন তিনি।
পুলিশ জানিয়েছে, শিয়ালদহগামী চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই এমন অবস্থা হয়েছিল ইসলামের। এ দিকে খবর পেয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন আহতের বাবা মালেক বিশ্বাস। উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বারবার বলছেন, "ওরা না থাকলে হয়তো ছেলেটাকে ফিরেই পেতাম না।"
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be/