দ্য ওয়াল ব্যুরো: দশ মিনিটের ঝড় ও বৃষ্টিতে উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত বাণীবন, জগদীশপুর ও কাঁটাবেড়িয়া গ্রামে অন্তত ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। এই ঘটনায় মোট তিন জন আহত হয়েছেন।
ঝড়-বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ায় এক জন মহিলা-সহ মোট তিন জন আহত হয়েছেন। লকডাউনের জেরে কোনও গাড়ি না চলায় দীর্ঘক্ষণ তাঁরা বিনা চিকিৎসাতেই পড়েছিলেন। শেষে এক জনের অটোরিকশা বার করিয়ে তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
উলুবেড়িয়া ২ নম্বর ব্লকে বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি। সাকুল্যে মিনিট দশেকের বৃষ্টিতে এলাকা কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। বাড়ি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পানবরজ ও চাষের জমি। বেশির ভাগ জমিতেই ধান এখনও কাটা হয়নি। আর কয়েক দিন পরেই কাটার কথা। এই অবস্থায় ফসলের ক্ষতি হওয়ায় মাথায় হাত চাষিদের।
বেশ কয়েকটি পানবরজ ভেঙে পড়েছে। লকডাউনের জন্য চার সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে পানের বাজার। তাতে চাষিদের এমনিতেই সমস্যা হচ্ছে। লকডাউন উঠলেই তাঁরা বাজারে পান নিয়ে হাজির হবেন এই আশায় দিন গুনছেন। এই অবস্থায় বরজ ভেঙে যাওয়ায় পানচাষিদের নতুন করে সমস্যা বাড়ল।
উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও নিশীথকুমার মাহাত ফোনে বলেন, “আমরা খতিয়ে দেখছি কত জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ও কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিপূরণ বিবেচনা করা হবে।”