দ্য ওয়াল ব্যুরো: যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গলের জন্য ফোঁটা দেন দিদি ও বোনেরা। বেশ কিছু রীতি মেনে দেওয়া হয় এই ফোঁটা। তার মধ্যে অন্যতম হল বাঁ হাতের কড়ে আঙুলে ফোঁটা দেওয়া। কিন্তু কেন শুধুমাত্র বাঁ হাতের কড়ে আঙুলেই দেওয়া হয় ভাইফোঁটা।
শাস্ত্র মতে ডান হাতকে বেশি পবিত্র বলে মনে করা হয়। তাই বেশিরভাগ শুভ কাজ ডান হাতে করা হলেও ফোঁটা দেওয়ার ক্ষেত্রে বিষয়টা আলাদা। সনাতন ধর্মের রীতি অনুযায়ী এই বাঁ হাতের কড়ে আঙুল ব্যোম অর্থাৎ মহাশূন্যের প্রতীক। আর তাই সেই আঙুলেই ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দেন দিদি ও বোনেরা।
শাস্ত্র বলছে, মানুষের হাতের পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক। এই পঞ্চভূত হল ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। তার মধ্যে কড়ে আঙুল হল ব্যোমের প্রতীক। এই মহাশূন্যকে উদার ভালোবাসার প্রতীক হিসেবে মনে করা হয়। ভাই-বোনের ভালোবাসাকেই তুলে ধরে এই কড়ে আঙুল। এই আঙুল দিয়ে ফোঁটা দিলে ভাই ও বোনের মধ্যে ভালোবাসা মহাশূন্যের মতোই অসীম হয় বলে ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে।
অবশ্য এ সব তো গেল শাস্ত্রের কথা। আসলে ভাইফোঁটা হল ভাই-বোনের মধ্যে সেই বিশ্বাসের আদানপ্রদান যা বহুকাল ধরে চলে আসছে। সবসময় পাশে থাকার বিশ্বাস, রক্ষার বিশ্বাস, যা অন্য সব সম্পর্কের থেকে আলাদা। আর তাই ভাইফোঁটায় রীতি ছাড়াও চলে খুনসুটি। থাকে খাওয়া দাওয়ার আয়োজন। সেই সঙ্গে উপহার। দাদার কাছে বোনেরা কিংবা দিদির কাছে ভাইদের উপহার পাওয়া, আনন্দ করে সময় কাটানোর নামও কিন্তু ভাইফোঁটা।