কোবরার বিষের দাম তেরো কোটি! গ্রেফতার পাচারকারী
দ্য ওয়াল ব্যুরো: ১৩ কোটি টাকার সাপের বিষ (Snake Venom) সহ ধরা পড়ল এক পাচারকারী। মোট তিনটি জারে ভরে নিয়ে আসা হচ্ছিল ওই বিষ। বিশেষ ধরনের ওই জারগুলির মূল্যও অনেক। পুলিশ জানিয়েছে, জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে টাকাপয়সার লেনদেন হচ্ছিল। পাচার
শেষ আপডেট: 10 September 2021 13:06
দ্য ওয়াল ব্যুরো: ১৩ কোটি টাকার সাপের বিষ (Snake Venom) সহ ধরা পড়ল এক পাচারকারী। মোট তিনটি জারে ভরে নিয়ে আসা হচ্ছিল ওই বিষ। বিশেষ ধরনের ওই জারগুলির মূল্যও অনেক। পুলিশ জানিয়েছে, জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে টাকাপয়সার লেনদেন হচ্ছিল। পাচারকারীর থেকে বিষ কিনতে আরও একটি দল এসে পৌঁছেছিল সেখানে। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। হাতেনাতে ধরা হয় পাচারকারীকে।
পুলিশ ও বন দফতর সূত্রের খবর, ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে এই বিষ পাচারের মতলব ছিল। আগে থেকেই খবর পান গরুমারা বনপ্রাণী বিভাগের আধিকারিকরা। পাচারকারীদের ধরার ফাঁদ পাতা হয়। তক্কে তক্কেই থাকে পুলিশ। পাচারকারী যখন টাকাপয়সার লেনদেন করছে তখনই পাকড়াও করা হয় তাকে।
পুলিশ জানিয়েছে, তিনটি জারে ভর্তি কোবরা সাপের বিষের বাজারদর প্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি। জারগুলো বিশেষভাবে তৈরি করা হয়। সেগুলোর দামও অনেক। পাচারকারীকে আজ আদালতে তোলা হলে তার ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সিন্ধুকুমার রায়।
মাস কয়েক আগেও কাঁচরাপাড়ায় প্রায় ৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করে পুলিশ। বিপুল টাকার সাপের বিষ পাচার হচ্ছে খবর পেয়ে পাচারকারীদের সঙ্গে খদ্দের সেজে যোগাযোগ করা হয়। ধরা পড়ে পাঁচ জন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'