দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া ও শাহিনবাগে গুলি চালানোর ঘটনাকে ‘বাচ্চা ছেলেদের ভুল’ বলে মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
এদিন সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, “ওখানে সংখ্যালঘুরা যে ভাবে বসে রয়েছে তাতে মদত দিচ্ছে বিরোধীরা। জামিয়া বা শাহিনবাগে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার সঙ্গে নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই।” তাহলে কারা গুলি চালাল? অর্জুনের জবাব, “আমাদের বাচ্চা ছেলেরা বিভ্রান্ত হয়ে গুলি চালিয়ে ফেলেছে।”
অর্জুনের এ হেন কথার প্রতিক্রিয়ায় তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “এই রকম অপরিণত কথা একজন সাংসদ বলেন কী করে! আসলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাই তো প্রকাশ্যে গুলি চালানোর কথা বলছেন। অর্জুন তো একজন নীচের দিকের সাংসদ!”
উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে এসেছিল রামভক্ত গোপাল। জামিয়ার প্রতিবাদীদের উদ্দেশে গুলি চালিয়ে বলেছিল, ‘ইয়ে লো আজাদি।’ জখম হয়েছিলেন জামিয়ার ছাত্র সাদাত হোসেন। তারপর দু’দিন পর শাহিনবাগে গুলি চালায় আরও এক হিন্দুত্ববাদী। সেই ঘটনায় যদিও কেউ জখম হননি।
দু’ক্ষেত্রেই দেখা গিয়েছে বন্দুকবাজরা কট্টর হিন্দুত্ববাদী। রামভক্ত গোপালকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। বলেছিল, ওই কিশোর নাথুরাম গডসের আদর্শ নিয়ে গুলি চালিয়েছে এবং সেটা অত্যন্ত প্রশংসার কাজ। যদিও চাপে পড়ে গিয়েছিল দিল্লি বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়ে বলেছিলেন, কালপ্রিটদের যেন কোনও ভাবে রেয়াত না করা হয়। ধামাচাপা দিতে গিয়ে বিজেপির দিল্লি ইউনিটের প্রধান মনোজ তিওয়ারি জামিয়ার সামনে গুলি চালানো বন্দুকবাজকে আপ সমর্থক বা শাহিনবাগের লোক বলে তোপ দাগেন। কিন্তু এদিন সাফাই দিতে গিয়ে অর্জুন যা বললেন তাতে বিজেপির অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।