মমতার মন্ত্রিসভায় অমিত, সুব্রতর জায়গায় কারা? চার নাম নিয়ে চর্চা
দ্য ওয়াল ব্যুরো: অর্থমন্ত্রী অমিত মিত্রর মেয়াদ শেষ আগামিকাল ৯ নভেম্বর। কারণ তিনি মন্ত্রী পদে শপথ নিলেও বিধায়ক হননি। তাই তাঁকে এই পদ ছাড়তে হবে। মঙ্গলবারই তাঁর ছ’মাসের মেয়াদ শেষ হচ্ছে। তার উপর সদ্য প্রয়াত হয়েছেন পঞ্চায়েত-সহ তিন দফতরের দায়িত্ব
শেষ আপডেট: 8 November 2021 10:19
দ্য ওয়াল ব্যুরো: অর্থমন্ত্রী অমিত মিত্রর মেয়াদ শেষ আগামিকাল ৯ নভেম্বর। কারণ তিনি মন্ত্রী পদে শপথ নিলেও বিধায়ক হননি। তাই তাঁকে এই পদ ছাড়তে হবে। মঙ্গলবারই তাঁর ছ’মাসের মেয়াদ শেষ হচ্ছে। তার উপর সদ্য প্রয়াত হয়েছেন পঞ্চায়েত-সহ তিন দফতরের দায়িত্বে থাকা বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায়। তাই শিগগিরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে।
কে কোন দফতরের দায়িত্ব পাবেন, কোনও নতুন মুখকে মমতা ক্যাবিনেটে নেবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।
মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই রাখবেন অর্থমন্ত্রক। তবে অর্থ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব কাউকে দেবেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম শোনা যাচ্ছে নবান্নের অলিন্দে। সেক্ষেত্রে চন্দ্রিমার হাতে থাকা পুর ও নগ্রোন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব অন্য কাউকে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
অমিতবাবুর শরীর ভাল নেই। সেকারণেই তিনি একুশের ভোটে দাঁড়াননি। অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে চাননি আর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, অন্তত ছ’মাস আপনি সামলে দিন। তাতে রাজি হয়েছিলেন অমিতবাবু। দীর্ঘদিন ধরেই তিনি বাড়ির বাইরে বের হন না। গত ১০ মে শপথ নিয়েছিলেন ভার্চুয়াল মাধ্যমে। তবে নিয়মের কারণেই তাঁকে এবার সরতে হবে।
সুব্রতবাবুর হাতে ছিল পঞ্চায়েত দফতর। সেইসসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বও সামলাচ্ছিলেন। সাধন পাণ্ডে অসুস্থ হওয়ার পর ক্রেতা সুরক্ষার ভারও সুব্রতবাবুর কাঁধে দিয়েছিলেন মমতা। এখন তাঁর এই দফতরগুলি মুখ্যমন্ত্রী কাদের মধ্যে বণ্টন করেন বা নতুন কাউকে দায়িত্ব দেন কি না সেটাই দেখার।
তৃণমূলের একাংশ বলছে, পঞ্চায়েত দফতরের দায়িত্ব মানস ভুঁইয়াকে দেওয়া হতে পারে। কারণ পঞ্চায়েতের কাজের ব্যাপারে সবংয়ের বিধায়ক ওয়াকিবহাল বলে তাঁদের মত। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে উদয়ন গুহর নাম চর্চায় রয়েছে। সদ্য সমাপ্ত উপনির্বাচনে দিনহাটা থেকে এক লক্ষ ৬৩ হাজার পাঁচ ভোটে জেতা উদয়ন গুহ জিতেছেন।এর আগে উদয়ন কখনও মন্ত্রিত্ব করেননি। তবে তাঁর বাবা তথা বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত কমল গুহ যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর রয়েছে। উদয়নকে নেওয়া হতে পারে এই জল্পনার পিছনে আরও একটি যুক্তি রয়েছে। তাঁদের বক্তব্য, উদয়নকে ক্যাবিনেটে নিলে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বও বাড়বে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'