
শেষ আপডেট: 17 March 2019 07:54
রবিবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূলের কর্মীসভা। সেই সভাতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন, শেষ দফায় ভোট বলে এখন গা ছাড়া ভাব দেখালে হবে না। নেমে পড়তে হবে দ্রুত।”
এ দিনের সভায় সুব্রত বক্সী বলেন, “যিনি যেখানে দায়িত্ব পাবেন, তিনি সেখানে কাজ করবেন। মনে রাখবেন আমরা কেউ কারও লোক নই। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক।” বিয়াল্লিশটি আসনে যে আসলে মমতাই লড়ছেন তাও খোলাখুলি বলে দেন বক্সী। পার্কস্ট্রিট থেকে বেহালা, দক্ষিণ কলকাতা লোকসভার মধ্যে হিন্দিভাষী মানুষের সংখ্যাও প্রচুর। এ দিন শাসক দলের তরফে সেই অংশের মানুষের কাছে পৌঁছতেও বিশেষ কৌশলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতে এসেছেন। ২০১১-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর লোকসভার আসন ছেড়ে দিতে হয় তাঁকে। তারপর সেখান থেকে উপ নির্বাচন এবং চোদ্দর ভোটে জিতেছিলেন সুব্রত বক্সী। কিন্তু এ বার তিনি দাঁড়াননি। বক্সীবাবু যে ভোটে দাঁড়াচ্ছেন না তা আগেই লেখা হয়েছিল দ্য ওয়াল-এ। মমতা এ বার সেখানে প্রার্থী করেছেন মালা রায়কে। মালাদেবী দীর্ঘদিনের কাউন্সিলার। শহরের রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ। হাইপ্রোফাইল কেন্দ্রে তাঁর উপরেই আস্থা রেখেছেন দিদি। তাই ১৯ মে ভোট হলেও, এখন থেকেই ময়দানে নামতে চাইছে শাসক দল।