দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের বাসিন্দা পুলিশ অফিসারের মেয়ের মোবাইল নম্বর অন্য মহিলার অশ্লীল ছবির সঙ্গে জুড়ে দিয়ে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারিনী তরুণী জানিয়েছেন, দেশ ও বিদেশের বিভিন্ন নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসছে। কুরুচিকর প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি আপত্তিকর ছবির সঙ্গে তাঁর মোবাইল নম্বর ছড়িয়ে পড়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপেও। তরুণী অভিযোগ তুলেছেন তাঁরই সহপাঠী অর্ঘ্যদীপ কুণ্ডুর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
এই ঘটনা মাসখানেক আগের। গত ১২ জুন বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ কর্তার মেয়ে ওই তরুণী। অভিযোগকারিনীর দাবি, তাঁর মোবাইল নম্বরের সঙ্গে কোনও এক মহিলার অশ্লীল ছবি জুড়ে দিয়ে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাঁরই এক প্রাক্তন সহপাঠী অর্ঘ্যদীপ কুণ্ডু। এক সময় অর্ঘ্যদীপ তাঁর সহপাঠী ছিলেন। তাই তাঁর মোবাইল নম্বরও ওই যুবকের কাছে ছিল।
তরুণী জানান, গত এক মাস ধরে তাঁর মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসা শুরু হয়। দেশের নানা জায়গা থেকে এমনকি বিদেশের নম্বর থেকেও ফোন আসতে থাকে বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণী। প্রথমে এই বিষয়ে গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তাঁর মোবাইল নম্বরের সঙ্গে জোড়া আপত্তিকর ছবি ছড়িয়ে পড়তে থাকে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে। রাতের বেলায় কুরুচিকর প্রস্তাব দিয়ে তাঁর কাছে ফোন আসা শুরু হয়। ভিডিও কলও আসতে থাকে।
এরপরেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তরুণী। তদন্ত শুরু করেন অফিসাররা। জানা যায়, অর্ঘ্যদীপের আইডি থেকেই ওইসব আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপাড়া ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপক কুণ্ডুর ছেলে। অভিযুক্তকে বারাসতে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত যুবকের সঙ্গে পুলিশ কর্তার মেয়ে ওই তরুণীর কোনও ঝামেলা চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কেন ওই যুবক এমন কাজ করলেন তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূল নেতার ছেলে বলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। যদিও তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ধারার ৬৬সি (আইডেনটিটি থ্রেট), ৬৬ ই (আপত্তিকর ছবি তোলা), ৬৭ এ (সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি পোস্ট করা) ধারায় মামলা দায়ের হয়েছে। তাছাড়াও ৩৫৪ডি ধারাও যোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।