দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল রাজ্যে। তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট হয় গত নভেম্বরে। এবার যাদবপুরেরও ভোটের দিন ঠিক হয়ে গেল।
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টি অর্থাৎ আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-এ ভোটগ্রহণ হবে। গণনা হবে পরের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি।
এবার ভোটের ক্ষেত্রে নিয়মে বদল এনেছে যাদবপুর। এতদিন ছাত্র সংসদ নির্বাচনে এমফিল পড়ুয়াদের ভোটাধিকার থাকত না। এবার তাঁরাও ভোট দিতে পারবেন। তবে অকৃতকার্যরা কেন্দ্রীয় প্যানেল বা ক্লাস প্রতিনিধি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জেতার পরে ক্ষমতায় আসে দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার পরেই সরকারি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে আর ছাত্র সংসদ ভোট হবে না। নতুন ছাত্র কাউন্সিল গঠন করা হবে তার বদলে।
তৃণমূল সরকারের এই ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয়ের এই কাউন্সিল মডেল অগণতান্ত্রিক বলে দাবি করে ছাত্রসংগঠনগুলি। অভিযোগ করে, এই পদ্ধতি ছাত্রস্বার্থ বিরোধী। প্রতিবাদে পথে নামে যাদবপুর-প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে একাধিক বার প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেয় ছাত্রসংগঠনগুলি। কিন্তু ছাত্রভোটের অনুমতি মেলেনি।
শেষমেশ কলেজের ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে খানিক সুর নরম করে তৃণমূল সরকার। সিদ্ধান্তের অধিকার বর্তায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর। ঠিক হয়, কর্তৃপক্ষই ঠিক করবেন ছাত্র সংসদের ভোট হবে নাকি কাউন্সিল ভোট হবে। এর পরেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাত্রভোট অনুষ্ঠিত হয়। তেমনটাই হতে চলেছে যাদবপুরেও।