কলকাতা পুলিশে একদিনের বস রিচা, প্রথম নির্দেশ পুলিশ বাবাকেই
দ্য ওয়াল ব্যুরো: অভিনব সম্মান! আইএসসি পরীক্ষায় দুরন্ত রেজাল্টের জন্য বাবার বস হয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (এসইডি) চেয়ারে বসলেন রিচা সিং। কলকাতা পুলিশের আইএসসি পরীক্ষায় সারা দেশে চতুর্থ হওয়ার জন্য শহরের মেয়ে রিচা সিংকে এভাবেই সম্মান জা
শেষ আপডেট: 8 May 2019 14:45
দ্য ওয়াল ব্যুরো: অভিনব সম্মান! আইএসসি পরীক্ষায় দুরন্ত রেজাল্টের জন্য বাবার বস হয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (এসইডি) চেয়ারে বসলেন রিচা সিং। কলকাতা পুলিশের আইএসসি পরীক্ষায় সারা দেশে চতুর্থ হওয়ার জন্য শহরের মেয়ে রিচা সিংকে এভাবেই সম্মান জানাল কলকাতা পুলিস।
কলকাতা পুলিশের অ্যাডিশনাল ওসি (গড়িয়াহাট) রাকেশ কুমার সিংয়ের মেয়ে রিচা। আইএসসি-তে সারা দেশে চতুর্থ হয়েছে সে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ফল। তারপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এ ভাবে সম্মান জানানো হবে রিচাকে। বুধবার, একদিনের জন্য রিচাকে ডিসি এসইডি পদে বসানোর নির্দেশ দেন স্বয়ং কলকাতার নগরপাল রাজেশ কুমার। ঘটনাচক্রে রিচার বাবার বস ডিসি এসইডি। রিচার দুর্দান্ত রেজাল্টকে সম্মান জানিয়ে আজ নিজের চেয়ারটা ছেড়ে দেন তিনি।

একদিনের জন্য কলকাতার ডেপুটি কমিশনারের পদে বসে স্বভাবতই আপ্লুত রিচা। সদ্য স্কুলের গণ্ডি পেরনো ছাত্রী সহাস্যেই বলছে, এমন যে হতে পারে কখনও ভাবেনি সে। এরপর লালবাজারে সংবর্ধনাও দেওয়া হয় রিচাকে। দুপুর দেড়টা নাগাদ কলকাতা পুলিসের সদর দফতরে পৌঁছন রিচা। তারপর একদিনের ডিসির সঙ্গে লাঞ্চ করেন পুলিস কমিশনার রাজেশ কুমার।

কিন্তু বসের চেয়ারে বসে কোনও নির্দেশ দেবেন না তা আবার হয় নাকি? রিচা চেয়ারে বসার খানিক পর ডিসি এসইডি-র ঘরে পৌঁছন বাবা রাকেশ কুমার। হাসি হাসি মুখে ডিসি-র চেয়ারে বসে বাবাকে নির্দেশ দেন, “আপনি আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি যাবেন। স্ত্রী এবং মেয়ে অপেক্ষা করছে। দেরি করবেন না কিন্তু!” ঘর ভর্তি পুলিশ কর্তারা রিচার এই নির্দেশ শুনে হেসে ফেলেন। এক দিনের বসের নির্দেশ পালনও করেন রাকেশ কুমার। তাড়াতাড়ি ফিরে যান বাড়িতে।